২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের বন্দরে ট্যাঙ্কার বিস্ফোরণে ইতালীয় ক্রু নিহত, আহত ১৫

তুরস্কের একটি বন্দরে এলপিজি ট্যাঙ্কার বিস্ফোরণে এক ইতালীয় ক্রু নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2019, 05:06 PM

Updated : 08 Apr 2022, 04:23 PM

সোমবার রাতে ইজমির প্রদেশের আলিয়াগা শহরের সমুদ্র বন্দরে ঘটনাটি ঘটেছে বলে তুরস্কের পেট্রোকেমিক্যাল কোম্পানি পেটকিমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই ট্যাঙ্কারটি আজারবাইজানের রাষ্ট্রীয় তেল কোম্পানি এসওসিএআর পরিচালিত পেটকিম পেট্রোকেমিক্যাল প্লান্টের একটি বন্দরে নোঙর করা ছিল।

বিস্ফোরণে ইতালীয় ক্রু বরার্তো মন্টেগুরদিয়া নিহত হয়েছেন বলে প্রদেশটির সহকারী গভর্নর এরহান গানায় জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পেটকিম বলেছে, “রাত ১১টা ২০ মিনিটের দিকে (স্থানীয় সময়) পেটকিম পিয়ার ফাইভে ইতালির পতাকাবাহী সিনজানিয়ায় তরল হাইড্রোকার্বন ভরার জন্য সংযোগ দেওয়াকালে অজ্ঞাত কারণে আগুন লাগে।

“আমাদের টিমগুলোর তাৎক্ষণিক হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং জাহাজটিকে শীতলীকরণের কাজ অব্যাহত থাকে।”  

শিপিং এজেন্সি ট্রিবেকা জানিয়েছে, তদন্ত চলছে এবং পেটকিমের প্লান্টটি বন্ধ আছে।