পরকীয়া সন্দেহে পাকিস্তানে স্ত্রী-সন্তানসহ ৯ জনকে হত্যা
পাকিস্তানে এক ব্যক্তি স্ত্রী পরকীয়া করছেন সন্দেহে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী, দুই সন্তান, তিন শ্যালিকা ও তাদের দুই সন্তান এবং শাশুড়িকে হত্যা করে বাড়িতে আগুন ধরিয়ে দেন।
প্রতিশোধ নিতে মোহাম্মদ আজমল নারকীয় এ হত্যাযজ্ঞ চালায় বলে জানায় পুলিশ।
পাকিস্তানের মুলতানে সোমবার ভয়াবহ এ কাণ্ডের পর পুলিশ আজমল ও তার বাবাকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আজমলের এক ভাইকেও খুঁজছে পুলিশ।
মুলতানের জেলা পুলিশ কর্মকর্তা ইমরান মেহমুদ বলেন, আজমল তার অপরাধ স্বীকার করেছে।
“পরিষ্কারভাবেই এটা ‘অনার কিলিং’। আজমল তার স্ত্রী কিরণের সঙ্গে এক ব্যক্তির ছবি দেখে ধরে নেয় তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক চলছে। তিনি তার কাজের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন।”
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, সৌদি আরবে দর্জির কাজ করা আজমল মাত্র ২৫ দিন আগে দেশে ফেরেন।
“স্ত্রী ও তার পরিবারকে হত্যা করতেই তিনি দেশে এসেছিলেন বলে স্বীকার করেছেন।”
কিরণের ভাই আলি রাজা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আজমল ও তার বোনের মধ্যে কয়েক বছর ধরে ঝামেলা চলছিল। যে কারণে কিরণ সম্প্রতি দুই সন্তান নিয়ে পাকিস্তান ফিরে আসে এবং বাবার বাড়িতে বসবাস শুরু করে।
“আমি আমার বাবার সঙ্গে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম। ফিরে দেখি আমার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে।”
পাকিস্তানে ‘অনার কিলিং’ এর ঘটনা নিয়মিত ঘটে। পরিবারের সম্মান রক্ষার নামে পরিবারের সদস্যরাই নিষ্ঠুর হত্যাকাণ্ডে জড়িত হয়। বেশিরভাগ সময় নারীদেরই এর বলি হতে হয়।
দেশটিতে ২০১৬ সালে অনার কিলিংয়ের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা হলেও হত্যা থামানো যাচ্ছে না। দেশটিতে আগে পরিবারের সদস্যরা ক্ষমা করে দিলে অভিযুক্ত ব্যক্তি ছাড়া পেয়ে যেত। আইন সংস্কার করে ওই পথ বন্ধ করা হয়েছে।
