হংকংয়ে পুলিশ সদরদপ্তর ঘিরে বিক্ষোভ
বিতর্কিত প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে হংকংয়ের হাজার হাজার মানুষ পুলিশের প্রধান কার্যালয় ঘিরে রেখে আন্দোলন করছে।
আন্দোলনকারীদের কারণে ‘গুরুত্বপূর্ণ জরুরি সেবা’ ব্যাহত হচ্ছে জানিয়ে পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে বলে শুক্রবার জানায় বিবিসি।
প্রস্তাবিত ওই বিলে হংকংয়ের আদালতের অনুমতি সাপেক্ষে ফৌজদারি অপরাধে অভিযুক্ত সেখানকার যে কোনো বাসিন্দাকে তাইওয়ান,ম্যাকাউ কিংবা চীনের মূলভূখণ্ডে বিচারের জন্য পাঠানোর সুযোগ রাখা হয়।
বেইজিংপন্থি হংকং সরকারের যুক্তি ছিল, প্রত্যর্পণের সুযোগ না থাকায় হংকং চীনের অন্যান্য অংশের অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
বিলের বিরুদ্ধে লাখ লাখ মানুষ বিক্ষোভ শুরু করলে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম শুরুতে বিলটি স্থগিত করেন। কিন্তু তাতে বিক্ষোভকারীদের মন গলেনি। তারা বিলটি পুরোপুরি বাতিল করা এবং ক্যারি লামের পদত্যাগ দাবি করেন।
গণবিক্ষোভের মুখে গত রোববার হংকং সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ক্যারি লাম বিতর্কিত বিলের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।
এশিয়ার গুরুত্বপূর্ণ এ বাণিজ্য নগরীরতে প্রায় ৭০ লাখ মানুষ বাস করে।
