যুক্তরাজ্য সফরে ডনাল্ড ট্রাম্প, রানির সঙ্গে সাক্ষাৎ
তিনদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
লন্ডনের স্ট্যান্সটেড বিমানবন্দরে সোমবার সকালে তাদেরকে নিয়ে অবতরণ করেছে এয়ার ফোর্স ওয়ান। যুক্তরাজ্যে এটিই ট্রাম্পের প্রথম সফর।
ট্রাম্প ও মেলানিয়াকে স্বাগত জানিয়েছেন যু্ক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন এবং ব্রিটিশ পররাষ্ট্রন্ত্রী জেরেমি হান্ট। রানি দ্বিতীয় এলিজাবেথও এরই মধ্যে বাকিংহাম প্যালেসে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানিয়েছেন।
মধ্যদুপুরের পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়াকে বহনকারী হেলিকপ্টার বাকিংহাম প্যালেসে নামলে প্রাসাদের বাইরে লোকজনের ভিড় জমে যায়।
সফরকালে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা ছাড়াও বিদায়ী প্রধানমন্ত্রী টেরিজা মে’র সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং হুয়াওয়ের বিষয়টি নিয়ে বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প ৩ থেকে ৫ জুন পর্যন্ত যুক্তরাজ্য সফর করবেন। রানি এলিজাবেথ এবং প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাতের পর বাকিংহাম প্যালেসে ভোজের পাশাপাশি ওয়েস্টমিনস্টার অ্যাবিতেও যাবেন তিনি।
যুক্তরাজ্য সফরের আগেই ট্রাম্প সেখানকার জটিল ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে নিজের মত জানিয়েছিলেন এবং দেশটির মাটিতে পা দেওয়ার আগে তিনি লন্ডনের মেয়র সাদিক খানের কড়া সমালোচনাও করেছেন।
জবাবে ট্রাম্প একটি টুইটে সাদিক খানকে এক চরম ব্যর্থ মানুষ বলে মন্তব্য করেন এবং বলেন, তার দিকে মনোযোগ না দিয়ে সাদিকের উচিত লন্ডনের অপরাধ দমনে মনযোগী হওয়া।
ট্রাম্পের সফরকালে লন্ডন, মানচেস্টার, বেলফাস্ট এবং বার্মিংহামসহ যুক্তরাজ্যের কয়েকটি শহরে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার ট্রাফালগার স্কয়ারে সকাল ১১ টার দিকে এ বিক্ষোভ শুরুর পরিকল্পনা করেছেন আয়োজকরা।
ওদিকে, ট্রাম্প বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র প্রশংসা করলেও তার সঙ্গে বৈঠককালে দুই নেতার মধ্যে মতের অমিল দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প-মে আলোচনা শুরু হবে মঙ্গলবার। টেরিজা মে জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে কথা বলবেন। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র সোমবার বলেছেন, ২০১৭ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার সিদ্ধান্তে যুক্তরাজ্য হতাশ।
জলবায়ুর বিষয়টি ছাড়াও চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে নিয়ে দু’নেতা আলোচনা করবেন। যুক্তরাষ্ট্র নিরাপত্তাজনিত কারণে এ কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করেছে। কিন্তু যুক্তরাজ্য ফাইভজি নেটওয়ার্কের জন্য এ কোম্পানিকে পন্য সরবরাহের অনুমতি দিতে পারে।
সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ওয়েস্টমিনস্টার অ্যাবিতে যাবেন এবং প্রিন্স চার্লস ও ‘ডাচেস অব কর্নওয়েল’ ক্যামিলার সঙ্গে দেখা করবেন।
সন্ধ্যায় রানি দ্বিতীয় এলিজাবেথের বাকিংহাম প্যালেসে ট্রাম্প এবং মেলানিয়ার জন্য আছে ভোজের আয়োজন। সেখানে অতিথিদের উদ্দেশ্যে বক্তব্যও রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রানি উভয়ই।
রানির প্রাসাদের এ ভোজপর্বে অতিথিদের মধ্যে উপস্থিত থাকছেন যুক্তরাজ্যের বিশিষ্ট মার্কিনিরা। তবে লেবার নেতা জেরেমি করবিন, হাউজ অব কমন্সের স্পিকার এবং লিবারেল ডেমোক্র্যাট নেতা এ ভোজ বয়কট করছেন।
ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা একদিন আগে অর্থাৎ, রোববারেই যুক্তরাজ্যে পৌঁছান। পশ্চিম লন্ডনে ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামে একটি এক্সিবিশনে গিয়েছিলেন তিনি।
যুক্তরাজ্যের রানি তার আমলে ১৩ মার্কিন প্রেসিডেন্টের মধ্যে ১২ জনের সঙ্গে সাক্ষাৎ করলেও প্রেসিডেন্ট ট্রাম্প ১৯৫২ সালের পর যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাওয়া তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর এবং সরকারি সফরের মধ্যে তফাত আছে। এ সফরে যুক্তরাজ্যের সরকারপ্রধান নন বরং সাধারণত রানি আমন্ত্রণ জানিয়ে থাকেন। রানির আমন্ত্রণে বিদেশি সরকারপ্রধানের যুক্তরাজ্যে এমন সফর বিরল সম্মানের ব্যাপার।
ট্রাম্পের আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন।
