যুক্তরাষ্ট্র ‘সম্মান’ দেখালেই কেবল আলোচনা সম্ভব: রুহানি
যুক্তরাষ্ট্র সম্মান দেখালেই কেবল ইরান তাদের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক হতে পারে। কিন্তু চাপ দিয়ে ইরানকে আলোচনায় বসানো যাবে না।
শনিবার একথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স এ খবর দিয়েছে।
ইরান এবং যুক্তরাষ্ট্র গতমাসেই সংঘাতে জড়িয়েছে। ওয়াশিংটন ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি থেকে সরে আসার পর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।
ওয়াশিংটন ইরানের ওপর গতবছরই সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে এবং মে মাসে নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বের দেশগুলোকে ইরানের তেল কেনা বন্ধেরও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানের হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বাহিনী পাঠানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর হুমকি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটি ততটা জোরাল চুক্তি নয়। তিনি ইরানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে নতুন একটি চুক্তি করতে চান। মার্কিন কয়েকজন কর্মকর্তা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সম্ভাবনার কথাও বলেছেন।
ট্রাম্প সোমবার বলেন, “বর্তমান নেতৃত্বেই ইরানের একটি শ্রেষ্ঠ দেশ হওয়ার সুযোগ আছে... আমরা দেশটির শাসনক্ষমতা পরিবর্তন করতে চাইছিনা.. সেটাই আমি কেবল স্পষ্ট করে বলতে চাই।”
এর প্রেক্ষিতেই ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেছেন, “আমরা যুক্তি মানব এবং আলোচনাও করব যদি অপরপক্ষ সম্মানজনকভাবে আলোচনার টেবিলে বসে এবং আন্তর্জাতিক নিয়মবিধি মানে। কিন্তু তারা আলোচনার নির্দেশ দিলে তা হবে না।” বার্তাসংস্থা ফার্স রুহানির এ উদ্ধৃতি তুলে ধরেছে।
ওদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার বলেছেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করবে না। এর আগে প্রেসিডেন্ট রুহানি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।
