২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিয়ানআনমেন স্কয়ারে ১৯৮৯-র অভিযানের সাফাই চীনা মন্ত্রীর

তিন দশক আগে তিয়ানআনমেন স্কয়ারে ছাত্র ও শ্রমিকদের বিক্ষোভে অভিযান চালানোর পক্ষে সাফাই গেয়েছেন চীনের এক মন্ত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2019, 04:48 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতারা সাধারণত ওই অভিযান নিয়ে কথা বলেন না।

রোববার সিঙ্গাপুরে আঞ্চলিক এক সম্মেলনে দর্শকদের প্রশ্নের জবাবে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেংয়েই ওই প্রসঙ্গে বিরল মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।

ফেংয়ে বলেন, ‘হাঙ্গামা’ দমনে ওই পদ্ধতিই ‘সঠিক’।

১৯৮৯ সালের বসন্তে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ার দখলে নিয়ে বিপুল সংখ্যক গণতন্ত্রপন্থি শিক্ষার্থী ও শ্রমিক চীনের কমিউনিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল। সাঁড়াশি অভিযান চালিয়ে কর্তৃপক্ষ পরে ওই চত্বরের দখল পুনরুদ্ধার করে।

ঘটনাটি নিয়ে যে কোনো ধরনের প্রতিবেদন চীনে কঠোর সেন্সরশিপের খাঁড়ায় পড়ে।

“ঘটনাটি ছিল রাজনৈতিক হাঙ্গামা এবং ওই হাঙ্গামা বন্ধে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিয়েছিল, যা ছিল সঠিক নীতি। চীনের যে বড় ধরনের পরিবর্তন হয়েছে ৩০ বছরে তা প্রমাণিত হয়েছে। ওই ঘটনায় সরকারের পদক্ষেপের কারণে চীন স্থিতিশীলতা ও অগ্রগতি উপভোগ করছে,” বলেন জেনারেল ওয়েই ফেংয়ে।

তিয়ানআনমেনের অভিযানে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা কখনোই জানায়নি চীনের কমিউনিস্ট সরকার। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে বেইজিংয়ের ওই ‘নির্মম দমনাভিযানে’ কয়েকশ থেকে কয়েক হাজার বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে ধারণা দেয়া হয়।