মোদীর প্রথম দিনেই ‘দ্রুততম বৃদ্ধির দেশে’র খেতাব হারাল ভারত
ভারতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কাজের প্রথম দিনই খারাপ খবর বয়ে এনেছে দেশের অর্থনীতির জন্য। চীনের কাছে প্রথমবারের মতো বিশ্বের দ্রুততম-প্রবৃদ্ধশীল অর্থনীতির দেশের খেতাব হারিয়েছে ভারত।
শুক্রবার ২০১৮-১৯ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক ও পুরো বছরের বৃদ্ধির হার প্রকাশ করেছে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রণালয়। তাতেই দেখা গেছে, প্রায় ৫ বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ঘটেছে ধীর গতিতে।
এপ্রিল ২০১৮ থেকে মার্চ ২০১৯- এ অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ। আর জানুয়ারি-মার্চের ত্রৈমাসিক বৃদ্ধির হার নেমে এসেছে ৫ দশমিক ৮ শতাংশে।
এর অর্থ হচ্ছে ভারত এখন আর বিশ্বের দ্রুততম-বৃদ্ধির অর্থনৈতিক দেশ না। ভারতের নতুন অর্থমন্ত্রীর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী মোদীর সামনেও এখন বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতিতে আস্থা ফেরানো।
প্রবৃদ্ধির হারই যে কেবল কমেছে তাই নয় বেকারত্বের হার নিয়েও বিড়ম্বনায় পড়েছেন মোদী। কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শহুরে এলাকায় বেকারত্বের হার ৭ দশমিক ৮ শতাংশ।
গ্রামীণ এলাকায় তা ৫.৩%। গোটা দেশে পুরুষদের মধ্যে বেকারত্বের হার ৬.২%। মহিলাদের মধ্যে তা ৫.৭%। ২০১৭-১৮ সালেও ভারতে বেকারত্বের হার ছিল ৬.১%। যা ৪৫ বছরে সর্বোচ্চ।
নতুন প্রবৃদ্ধির পরিসংখ্যানে ভারতে অর্থনীতির নিম্নগতি স্পষ্ট হয়েছে। দেশীয় ভোক্তাদের ক্রয়ক্ষমতাই গত ১৫ বছরে ভারতের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে কাজ করেছে। তবে গত কয়েকমাসের পরিসংখ্যানে দেখা গেছে ভোক্তার ক্রয়ক্ষমতা কমছে।
ভারতীয় গণমাধ্যমগুলোয় উঠে আসছে কীভাবে বিভিন্ন পন্য বিক্রি কমেছে। মোটরগাড়ি থেকে শুরু করে বিভিন্ন পন্য বিক্রি কমার পাশাপাশি আমদানিও চার মাস ধরেই হ্রাস পেয়েছে। তাছাড়া, বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী অবস্থান করে নিতে হলে ভারতের রপ্তানি খাতও চাঙ্গা করা জরুরি।
ঋণ-জর্জরিত এয়ার ইন্ডিয়ার মত সরকারি মালিকানাধীন এন্টারপ্রাইজগুলো বিক্রি করা কিংবা বেসরকারীকরণ করার প্রতিশ্রুতি পূরণে মোদী সরকার খুব একটা অগ্রগতি করতে পারেনি। এবারে বেসরকারীকরণে সরকার আরো অগ্রগামী ভূমিকা রাখুক সেটাই অনেকের প্রত্যাশা।
কৃষি খাতে অসন্তোষ দূর করাও এবার মোদী সরকারের আরেকটি অর্থনৈতিক চ্যালেঞ্জ। কৃষিখাতে অসন্তোষের স্বল্পমেয়াদী কারণ হচ্ছে, খাদ্যের দাম কমে যাওয়া। তবে এর দীর্ঘমেয়াদী কারণও আছে। ২০০৪-০৫ অর্থবছরে কৃষি, বনায়ন ও মত্স্য খাত মোট জিডিপির ২১ শতাংশ থেকে কমে বর্তমানে ১৩ দশমিক ১০ শতাংশ হয়েছে।
