ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যে থাকতে চান সাড়ে ৭ লক্ষাধিক ইইউ নাগরিক
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যর বেরিয়ে যাওয়া অর্থাৎ, ব্রেক্সিটের পর দেশটিতে বসবাসের জন্য আবেদন জানিয়েছেন ৭ লাখ ৫০,০০০ হাজারের বেশি ইইউ নাগরিক।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বৃহস্পতিবার একথা বলেছেন।
ব্রেক্সিট হলে যুক্তরাজ্যে বাস করা ৩০ লাখের বেশি ইইউ নাগরিকের কি হবে সে বিষয়টি ইইউ এর সঙ্গে ব্রেক্সিট আলোচনার অন্যতম একটি আলোচ্য বিষয়।
ইইউ এর সঙ্গে যুক্তরাজ্যের ব্রেক্সিট চুক্তি অনুমোদন পাক বা না পাক ব্রিটিশ সরকার ইইউ নাগরিকদের জন্য ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের অবস্থানের ব্যাপারে আবেদন করার সুযোগ রেখেছে।
বর্তমানে ব্রেক্সিটের সময়সীমা হচ্ছে ৩১ অক্টোবর। তবে ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে পাস করাতে ব্যর্থ হয়ে পদত্যাগের ঘোষণা দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী টেরিজা মে। তার জায়গায় যারা নতুন প্রধানমন্ত্রী চাইছেন তারাও ব্রেক্সিট চুক্তিতে পরিবর্তন আনা হবে কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, “ ইইউ নাগরিকরা আমাদের বন্ধু, প্রতিবেশী এবং সহকর্মী। তারা আমাদের দেশের জন্য অনেক অবদান রেখেছেন। ব্রেক্সিটের ফলাফল যাই হোক না কেন আমরা চাই তারা থাকুক।” তিনি এ পর্যন্ত ৭৫০,০০০ আবেদন জমা পড়ার কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক হিসাবে বলা হয়েছে, ৩০ মার্চে আবেদন স্কিম পুরোপুরি চালুর পর এপ্রিলের শেষ নাগাদই ৬ লাখ ২১ হাজার ৪শ’ আবেদন জমা পড়ে। আর বাদবাকী আবেদনগুলো জমা পড়েছিল গত বছর অগাস্টে শুরু হওয়া পরীক্ষামূলক পর্যায়ে।
সরকার জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে পোলিশ নাগরিক সবচেয়ে বেশি, ১০৩,২০০ জন। এরপর আছে রুমানিয়রা ৮৯,৯০০ এবং ইতালীয়রা ৭০,৮০০ জন।
