মোদীর নতুন মন্ত্রিসভায় না রাখার আর্জি বিদায়ী অর্থমন্ত্রীর
ভারতে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী।বিদায়ী অর্থমন্ত্রী অরুণ জেটলি এরই মধ্যে তাকে নতুন মন্ত্রিসভায় না রাখার জন্য লিখিত আবেদন জানিয়েছেন।
অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব সামাল দিয়ে আসা অরুণ জেটলি গত দেড় বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে গত কয়েক মাস মন্ত্রণালয়ে উপস্থিত থাকতে পারেননি। তাই তিনি নতুন মন্ত্রণালয়ে থাকবেন না এমন জল্পনা ছিলই।
এবার নিজেই শারীরিক অসুস্থতার কারণে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে অব্যাহতি চাইলেন অরুণ জেটলি৷ বুধবার চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেটলি।
দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রিসভায় না থাকতে চেয়ে মোদীকে এ চিঠি লেখেন তিনি। চিঠির প্রতিলিপি ট্যুইট করে জেটলি তার সিদ্ধান্ত জানান । এর আগে একই কথা ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে মৌখিকভাবে জানিয়েছিলেন জেটলি।
