ইউরোপীয় পার্লামেন্টে দাপট কমল বৃহত্তম ব্লকগুলোর
ইউরোপীয় পার্লামেন্টে বড় বড় মধ্য-ডানপন্থি ও মধ্য বামপন্থি ব্লকগুলো তাদের সমন্বিত সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ভালো করেছে উদারপন্থি,পরিবেশবাদী ও জাতীয়তাবাদীরা।
যদিও ইউরোপীয় ইউনিয়নপন্থি দলগুলোর এখন পর্যন্ত পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা আছে। তবে ঐতিহ্যবাহী এ ব্লকগুলোকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য নতুন দলের সঙ্গে জোট বাঁধতে হবে বলে জানায় বিবিসি।
গত ২৩ মে থেকে শুরু হওয়া ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ রোববার রাতে শেষ হয়। চারদিনের এ নির্বাচনের প্রথমদিন যুক্তরাজ্য ও হল্যান্ডে ভোট হয়। শুক্রবার এবং শনিবার কয়েকটি দেশে নির্বাচন হলেও বেশিরভাগ দেশে রোববার ভোট হয়।
এবার সবচেয়ে ভালো করেছে লিবারেল ও গ্রিনরা। তবে ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্য ও পোল্যান্ডে কট্টর-ডান ও জাতীয়তাবাদী দলগুলো জিতেছে।
বিবিসি জানায়, গত ২০ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি ভোট পড়েছে। কয়েকটি দেশে পপুলিস্ট এবং কট্টর-ডান দলগুলো ভাল ফল করলেও প্রত্যাশিত জয় পায়নি।
সেন্টার-রাইট ইউরোপিয়ান পিপলস পার্টি (ইপিপি) সবচেয়ে বেশি আসন জিতেছে। বিশেষজ্ঞদের মতে, পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে দলটি সোস্যালিস্টস ও ডেমক্রেটিকস ব্লকের সঙ্গে মহাজোট গঠন করবে। লিবারেল ও গ্রিনরাও তাদের সমর্থন দিতে পারে।
যুক্তরাজ্যে মাত্র ছয় সপ্তাহ আগে জন্ম নেওয়া দল ‘ব্রেক্সিট পার্টি’ বড় জয় পেয়েছে। দেশটিতে ইউরোপীয় নির্বাচনে একক দল হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে নাইজেল ফারাজের ব্রেক্সিট পার্টি। দলটি মোট ভোটের৩১ শতাংশ পেয়েছে।
তারপরই লিবারেল ডেমক্রাটসের অবস্থান। তারাও প্রত্যাশার চাইতে ভাল করেছে। তবে ভরাডুবি হয়েছে যুক্তরাজ্যের প্রধান দুইদল কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির।
ইইউ নির্বাচন বিশ্বের একমাত্র উপমহাদেশীয় পার্লামেন্টে নির্বাচন। ইউরোপীয় পার্লামেন্ট থেকেই ইইউ ভূক্ত ২৮ দেশের জন্য আইন তৈরি হয়। প্রত্যেকটি সদস্য দেশ থেকে জনসংখ্যার অনুপাতে এই পার্লামেন্টে সদস্য পাঠানো হয়। পার্লামেন্টের মোট আসনসংখ্যা ৭৫১।
এবার প্রায় ৪০ কোটি ভোটার সরাসরি ভোটের মাধ্যমে পাঁচ বছরের জন্য ইউরোপীয় পার্লামেন্টে তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন।
এবার মোট ৫১ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ।
