হলোকাস্টকে অস্বীকার করে বরখাস্ত দুই আল-জাজিরা সংবাদিক
হলোকাস্ট নিয়ে প্রশ্ন তুলে করা একটি ভিডিও তৈরি করে তা প্রকাশের দায়ে দুই সাংবাদিককে বরখাস্ত করেছে আল জাজিরা।
কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার আরবি ভাষার অনলাইন ভিডিও নেটওয়ার্ক ‘এজেপ্লাস’ এ ওই ভিডিওটি প্রকাশ করা হয় বলে জানায় বিবিসি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনী ইহুদিদের উপর যে গণহত্যা চালিয়েছিল তার স্মরণে হলোকাস্ট পালন করা হয়। নাৎসি বাহিনী প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা করে।
আল জাজিরার ওই ভিডিওতে ইহুদি হত্যার এই সংখ্যা ‘অতিরঞ্জিত’ বলে বর্ণনা করা হয়। বলা হয়, “ইহুদিবাদী আন্দোলনকারীরা ওই সংখ্যা বানিয়েছে এবং ওই গণহত্যায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইসরায়েল।”
ভিডিও’র ধারা বর্ণনায় আরো বলা হয়, “কেন শুধু তাদের (ইহুদি হত্যা) উপরই সমস্ত মনযোগ?”
“ইহুদিরা নিজেদের অর্থ-সম্পদ এবং তাদের নিয়ন্ত্রণে থাকা গণমাধ্যমকে ব্যবহার করে সব সময় তাদের উপর হওয়া নিপীড়নকে বিশ্ববাসীর সামনে বেশি তুলে ধরে।”
বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এজেপ্লাস তাদের টুইটার ও ফেইসবুক পাতায় ওই ভিডিওটি পোস্ট করে। ভিডিওর শিরোনাম ‘হলোকাস্টের সত্যতা কী এবং কিভাবে ইহুদিবাদীরা এর থেকে লাভবান হচ্ছে?’
ভিডিওটি আরবি ভাষায় হওয়ায় সঙ্গে সঙ্গে তেমন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইন্সটিটিউট’ সেটি ইংরেজিতে অনুবাদ করে রি-টুইট করলে কড়া সমালোচনা শুরু হয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাহশন বলেন, ওই ভিডিও ‘অনিষ্টকারী শয়তানের সবচেয়ে নিকৃষ্ট রূপ’।
তিনি বলেন, “এভাবেই আল-জাজিরা আরব বিশ্বের তরুণদের মাথা নষ্ট করছে এবং ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে।”
ভিডিও নিয়ে হইচইয়ের মধ্যে রোববার সন্ধ্যায় আল জাজিরার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিষয়টি অবগত হওয়ার পরপরই তারা ভিডিওটি ‘সরিয়ে নিয়েছে’।
“ভিডিওটি আমাদের নেটওয়ার্কের সম্পাদকীয় মান লঙ্ঘন করেছে। যে দুইজন সাংবাদিক হলোকাস্ট নিয়ে ওই ভিডিও নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। ”
