২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুরকিনা ফাসোয় অভিযানে ২ ফরাসি কমান্ডো নিহত

অপহৃত পর্যটকদের উদ্ধারে ফরাসি কমান্ডোরা রাতের আঁধারে বুরকিনা ফাসোর একটি জঙ্গি ঘাঁটিতে অভিযান চালায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 May 2019, 05:17 PM

Updated : 08 Apr 2022, 04:10 PM

গত ১ মে বেনিনের ‘পেনজারি ন্যাশনাল পার্ক’ থেকে দুই ফরাসি পর্যটককে অপহরণ করা হয়। ঘটনাস্থলে তাদের গাইডের গুলিবিদ্ধ মৃতদেহ পড়েছিল, তাদের গাড়িটিও জ্বালিয়ে দেয়া হয়।

অপহরণের  ঝুঁকি আছে জানিয়ে ফ্রান্স সরকার আগেই তাদের নাগরিকদের বুরকিনা ফাসো সীমান্তবর্তী বেনিনে ভ্রমণের উপর সতর্কতা জারি করেছিলেন।

কিন্তু ওই দুই পর্যটক সতর্ক বার্তা অবজ্ঞা করে পেনজারি ন্যাশনাল পার্কে গিয়েছিলেন।

তাদের উদ্ধারে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ফরাসি কমান্ডোরা অভিযান চালান।

জঙ্গি ঘাঁটি থেকে দুই ফরাসি ছাড়াও যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দুই নারীকে উদ্ধার করা হয়েছে।

অভিযান শুরু আগে কমান্ডোরা জঙ্গিদের হাতে ওই দুই নারী বন্দি থাকার বিষয়ে কিছু জানতেন না বলে জানান ফ্রান্সের সেনা প্রধান ফ্রাসঁয়া লুকহোঁত।

“গত ২৮ দিন ধরে তারা বন্দি আছেন।”

অভিযানে চার জঙ্গি নিহত এবং দুই জঙ্গি পালিয়ে গেছে বলেও জানান তিনি।

জিম্মিদশা থেকে উদ্ধার চারজনই নিরাপদ আছেন বলে জানান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

এক মার্কিন নারীসহ সব জিম্মিকে নিরাপদে উদ্ধার করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফ্রান্সকে ধন্যবাদ জানানো হয়েছে। সেইসঙ্গে নিহত দুই কমান্ডোর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তার দেশের নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে। তাকে উদ্ধারের জন্য ফ্রান্সকে আন্তরিক ধন্যবাদ এবং নিহত কমান্ডোদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

নিহত দুই কমান্ডো ফ্রান্সের নৌবাহিনীর সদস্য ছিলেন বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।