‘ইরানকে সতর্ক’ করতে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী ও বোমারু বিমান মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
‘বাড়তে থাকা উস্কানিমূলক ইঙ্গিত ও সতর্ক বার্তার’ প্রতিক্রিয়ায় তারা এসব পদক্ষেপ নিয়েছেন বলে রোববার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, খবর বিবিসির।
ওই অঞ্চলে মার্কিন বাহিনীগুলোর ওপর হামলা হতে পারে, এমন ইঙ্গিতের ভিত্তিতে সেখানে বিমানবাহী রণতরীটি মোতায়েন করা হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
এ ধরনের কোনো হামলা হলে তারা ‘কঠোর শক্তি’ প্রয়োগ করে জবাব দিবেন বলে জানিয়েছেন বোল্টন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের স্বার্থ বা আমাদের মিত্রদের স্বার্থে কোনো আঘাত হানা হলে কঠোর শক্তি প্রয়োগ করে জবাব দেওয়া হবে, ইরানি সরকারকে পরিষ্কার ও দ্ব্যর্থহীন এ বার্তা দেওয়ার উদ্দেশ্যে সেন্ট্রাল কমান্ড অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও একটি বোম্বার টাস্ক ফোর্স মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। কিন্তু প্রতিনিধিদের মাধ্যমে, ইসলামিক রেভলুশনারি গার্ড কোর বা ইরানের নিয়মিত বাহিনীর যে কোনো হামলার জবাব দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।”
যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের সঙ্গে সামরিক মহড়ার জন্য ওই জাহাজগুলো ইতোমধ্যে ইউরোপে আছে। তবে এবারই প্রথমবারের মতো পারস্য উপসাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হচ্ছে না, এর আগেও এই রণতরী বহরটি সেখানে ছিল। কিন্তু এবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে রণতরী বহরটি সেখানে মোতায়েন করা হচ্ছে।
