ভেনেজুয়েলার ‘ইতিহাসে সবচেয়ে বড় মিছিলের’ ডাক গুইদোর
ভেনেজুয়েলার ইতিহাসে সরকারবিরোধী ‘বৃহত্তম মিছিলের’ ডাক দিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাত করতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানানোর এক দিন পর গুইদো এ ডাক দিলেন।
তার ডাকে সাড়া দিয়ে বুধবার ভেনেজুয়েলানরা রাস্তায় নেমে আসবে এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সশস্ত্র বাহিনীর সমর্থন পাওয়ার জন্য গুইদো এ পর্যন্ত তার নেওয়া সবচেয়ে সাহসী পদক্ষেপটি মঙ্গলবার নিয়েছিলেন। এদিন সকালে ন্যাশনাল গার্ডের কয়েক ডজন সদস্য নিয়ে তিনি রাজধানী কারাকাসে বিমান বাহিনীর ঘাঁটির সামনে হাজির হয়েছিলেন।
এতে ওই এলাকাজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় শতাধিক লোক আহত হন। কিন্তু দিন গড়ালেও সশস্ত্র বাহিনীর নেতৃত্বস্থানীয় কাউকে পক্ষত্যাগ করে তার সঙ্গে যোগ দিতে দেখা যায়নি।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় গুইদো বলেন, “আমরা জানি মাদুরোর প্রতি সশস্ত্র বাহিনীর সমর্থন বা শ্রদ্ধা নেই। আমরা দেখেছি প্রতিবাদে ফল হয়। আমাদের চাপ বজায় রাখতে হবে।”
গত বছরের মে-তে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোর পুনঃনির্বাচিত হওয়াকে অবৈধ ঘোষণা করে নিজেকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন বিরোধীদল নিয়ন্ত্রিত জাতীয় পরিষদের নেতা গুইদো। তার ওই ঘোষণার পর তিন মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও মাদুরো ক্ষমতা ধরে রাখায় গুইদোর কিছু সমর্থক হতাশ হয়ে পড়েছেন।
এ পরিস্থিতিতে বুধবারের প্রতিবাদে লোকসমাগম গুইদোর জন্য একটি পরীক্ষা হয়ে দেখা দিবে।
গুইদো যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ পশ্চিমা দেশের সমর্থন অর্জন করলেও ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীগুলো প্রেসিডেন্ট মাদুরোর পাশেই আছে। রাশিয়া,চীন, কিউবা, তুরস্ক ও ইরানের মতো কয়েকটি দেশ মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে।
চলতি বছরের প্রথম কয়েক মাসে ভেনেজুয়েলার জীবনমানের আরও অবনতি হয়েছে। উচ্চ মুদ্রাস্ফীতি, ধারাবাহিক খাদ্য সঙ্কট ও ওষুধের অপ্রতুলতার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে একের পর এক বিদ্যুৎ বিপর্যয় ও পানি সঙ্কট। এহেন পরিস্থিতিতে দেশটির বহু মানুষ দেশ ছেড়েছেন।
গুইদোকে যুক্তরাষ্ট্রের পুতুল বলে বিবেচনা করেন মাদুরো। সমাজতন্ত্রপন্থি এ নেতাও বুধবার তার সমর্থকদের মিছিল করার ডাক দিয়েছেন।
মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেছেন, “আগামীকাল পহেলা মে, লক্ষ লক্ষ শ্রমিকের অংশগ্রহণে বিশাল, শক্তিশালী মিছিল হবে। আমরা ভিন্ন ধরনের আগ্রাসন ও অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে লড়াই করছি যা আমাদের ইতিহাসে কখনোই দেখা যায়নি।”
বড় ধরনের মিছিলের ডাক দেওয়ার জন্য আন্তর্জাতিক শ্রমিক দিবসকে বেছে নিয়েছেন গুইদো। এর আগে তার সঙ্গে যোগ দেওয়ার জন্য শ্রমিক ইউনিয়নের নেতাদের ও সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু এই শ্রেণিটি মাদুরো এবং তার পূর্বসূরী ও রাজনৈতিক গুরু উগো চ্যাভেজের প্রধান সমর্থক গোষ্ঠী হিসেবে পরিচিত।
