২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়িংয়ের বিরুদ্ধে কেনীয় পরিবারের মামলা

ইথিওপীয় এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এবার কেনিয়ার একটি পরিবার মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Apr 2019, 09:45 PM

Updated : 08 Apr 2022, 04:04 PM

এর আগে আরো তিন যাত্রীর পরিবার বোয়িংয়ের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছে।

গত ১০ মার্চ ইথিওপিয়ান এয়ারলাইন্সের ইটি৩০২ উড়োজাহাজটি রাজধানী আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের মাত্র আট মিনিটের মাথায় বিধ্বস্ত হয় এবং ১৫৭ আরোহীর সবাই মারা যান।

নিহত যাত্রীদের একজন ছিলেন কেনিয়ার প্রকৌশলী জর্জ কাবাউ (২৯)। কাবাউর পরিবারের সদস্যরা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করার কথা জানান।

তারা বলেন, বোয়িংকে ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজ সংক্রান্ত সমস্ত নথিপত্র এবং ইমেইল জনসম্মুখে প্রকাশে বাধ্য করতে তারা এ মামলা করেছেন।

ইথিওপিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের মাত্র পাঁচ মাস আগে লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের আরো একটি উড়োজাহাজ ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয় এবং সেটির সব আরোহী নিহত হন।

এ মাসের শুরুতে ইথিওপিয়া সরকার তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি মাটিতে পড়ার আগে সেটির সামনের অংশ কয়েকবার নিচের দিকে (নোজডাইভ) নেমে এসেছিল।

বোয়িংয়ের নির্ধারিত নির্দেশিকা (ম্যানুয়াল) মেনে ওই সময় পাইলটরা সেটি বারবার ঠিক করার চেষ্টা করেছিলেন।“কিন্তু সর্বোচ্চ চেষ্টা করার পরও পাইলটরা উড়োজাহাজটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন।”

যদিও ওই প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ এর ‘অ্যান্টি-স্টলিং সিস্টেম' কে দায়ী করা হয়নি। ওই প্রতিবেদন প্রকাশের পর বোয়িংয়ের পক্ষ থেকে উড়োজাহাজ বিধ্বস্তে ‘অ্যান্টি-স্টলিং সিস্টেম'র ভূমিকা থাকতে পারে বলে স্বীকার করা হয়।

গত বছর অক্টোবরে লায়ন এয়ারের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পরও প্রাথমিক তদন্তে ‘অ্যান্টি-স্টলিং সিস্টেম’ এর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

লায়ন এয়ারের বিধ্বস্ত উড়োজাহাজের নিহত ১৮৯ আরোহীর অনেকের পরিবারই বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করেছে।

যদিও লায়ন এয়ারের সহ প্রতিষ্ঠাতা দুর্ঘটনার পেছনে বোয়িংয়ের নিয়ন্ত্রণ সিস্টেমের ভূমিকা থাকার বিষয়টি উড়িয়ে দিয়েছেন।