২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতর-দাম ৫ বছরের মধ্যে পুনর্নির্মাণের আশা ম্যাক্রোঁর

অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়া প্যারিসের নতর-দাম ক্যাথেড্রাল ফ্রান্স পুনর্নির্মাণ করবে প্রতিশ্রুতি দেওয়ার পর কাজটি পাঁচ বছরের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2019, 02:05 PM

Updated : 25 Jul 2022, 08:14 PM

দেশের জাতীয় প্রতীকের এই পুনর্নির্মাণ কাজে ফরাসি জনগণ ঐক্যবদ্ধভাবে অংশ নিবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সোমবার রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত গির্জাটিতে আগুন লাগার পর টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সূচী বাতিল করে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন ম্যাক্রোঁ। তখনই নতর-দাম গির্জা ফের গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, “আমরা নতর-দামকে আরও সুন্দর করে গড়ে তুলবো এবং আমি চাই পাঁচ বছরের মধ্যেই এটির কাজ শেষ হোক, আমরা এটি করতে পারবো।

“এই দুর্যোগকে একতাবদ্ধ হওয়ার সুযোগে পরিণত করা আমাদের ওইপরই নির্ভর করছে, আমরা কী হয়েছি এবং আমরা কী হতে পারি তা গভীরভাবে প্রতিফলিত করে যা আছি তার চেয়ে ভালো থাকতে পারি। আমাদের জাতীয় প্রজেক্টকে ঘিরে আমাদের ঐক্যের সূত্র খুঁজে নেওয়া আমাদের ওপরই নির্ভর করছে। এটা রাজনীতির সময় নয়।”

কয়েক মাস ধরে ফ্রান্সজুড়ে সপ্তাহিক ছুটির দিনগুলোতে ‘ইয়েলো ভেস্ট’ প্রতিবাদের প্রতিক্রিয়ায় সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল ম্যাক্রোঁর। কিন্তু নতর-দাম গির্জায় আগুন লাগার খবর পেয়ে ভাষণের কর্মসূচী বাতিল করে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট।  

সোমবার সন্ধ্যায় জনসাধারণের গির্জায় প্রবেশ বন্ধ হওয়ার পর স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ৪০০ দমকল কর্মী কাজ শুরু করে এবং ১৪ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় এক দমকল কর্মী আহত হন, তবে আর কেউ কোনো আঘাত পাননি।

আগুনে ১২শ শতাব্দিতে তৈরি করা গির্জাটির উঁচু মিনারটি ভেঙ্গে পড়ে এবং কাঠের তৈরি ছাদটি ভস্মীভূত হয়ে যায়। কিন্তু সম্মুখের বেল টাওয়ারটি অক্ষত থাকে এবং বহু শিল্পকর্ম রক্ষা করা সম্ভব হয়।

একটি অখণ্ড জাতীয় প্রতীকের এমন পরিণতিতে রাজধানী শহরসহ পুরো দেশ শোকগ্রস্ত হয়ে পড়ে।  কিন্তু ম্যাক্রোঁ সবাইকে নিয়ে এই গির্জা ফের গড়ার প্রত্যয় জানানোর পর দেশটির ধনকুবের পরিবারগুলো, কোম্পানিগুলো ও স্থানীয় কর্তৃপক্ষগুলো অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে আসে।

আগুন লাগার ২৪ ঘণ্টার মধ্যে ৮৪ কোটি ৫০ লাখ অনুদানের প্রতিশ্রুতি আসে।

কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার কারণ খুঁজে বের করতে ৫০ জনের একটি তদন্ত দল কাজ শুরু করেছে। 

তদন্তটি জটিল হতে পারে ও এতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা। তবে প্রাথমিকভাবে নাশকতার কোনো পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্যারিসের সরকারি কৌঁসুলি রেমি হেইটজ্।