২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকুশিমার পরিত্যক্ত শহরে আবার ফিরছে বাসিন্দারা

জাপানে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছের পরিত্যক্ত ওকুমা শহরে দীর্ঘ আট বছর পর আবার নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কারণে লোকজন শহরটি ছেড়ে চলে গিয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 08:21 PM

Updated : 08 Apr 2022, 04:03 PM

২০১১ সালে জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কেন্দ্রের দায়িচি পরমাণু প্ল্যান্টে বিস্ফোরণের পর তেজস্ক্রিয়তা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। রাশিয়ার চেরনোবিল পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের পর এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় পরমাণু দুর্ঘটনা।

বিস্ফোরণের পর দায়িচি প্ল্যান্টের পশ্চিমের শহর ওকুমাতেও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। বিবিসি জানায়, ওকুমা শহরের কিছু অংশে এখন তেজস্ক্রিয়তার মাত্রা নিরাপদ পর্যায়ে নেমে আসায় সেখাকার প্রায় ৫০ জন মত মানুষ ফিরে যেতে শুরু করেছেন।

তবে বসিন্দাদের ওকুমায় ফেরা নিয়ে যথেষ্ট সমালোচনাও হচ্ছে। সমালোচকদের মতে, ২০২০ সালে টোকিও অলিম্পিকের আগে জাপানে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে নিরাপত্তার মানের বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরতেই সরকার তড়িঘড়ি করে ওকুমার বাসিন্দাদের সেখানে ফিরিয়ে নিচ্ছে।

টোকিওতে বিবিসি’র এক প্রতিনিধি বলেছেন, আদতেই যারা শহরটিতে বাস করতেন তাদের বেশিরভাগই সেখানে ফিরে যেতে চান না।

ওকুমা শহরে প্রায় ১০ হাজার মানুষ বাস করত। পরমাণু প্ল্যান্টে বিস্ফোরণের পর ওই অঞ্চলের প্রায় পাঁচ লাখ মানুষের সঙ্গে তারাও বাড়িঘর ছেড়ে চলে গিয়েছিলেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে প্রশাসনের পক্ষ থেকে ওকুমা শহরের বাসিন্দাদের নাম নিবন্ধন করা হয়। মাত্র ৩৬৭ জন নাম নিবন্ধন করান, যা মোট বাসিন্দার মাত্র ৩ দশমিক ৫ শতাংশ।

বাসিন্দাদের ফেরাতে সরকারের পক্ষ থেকে ওকুমা শহরে অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। যার মধ্যে একটি টাউন হল এবং সরকারি বাড়িঘরও রাখা হচ্ছে।