প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করছে তাঞ্জানিয়া
পরিবেশ দূষণ রোধে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য উৎপাদন, আমদানি, বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে তানজানিয়া সরকার; আগামী জুলাই থেকে যা কার্যকর হতে পারে।
সোমবার পার্লামেন্টে এক বক্তৃতায় দেশটির পরিবেশমন্ত্রী বলেন, “নতুন আইন প্রজ্ঞাপন আকারে প্রকাশের জন্য প্রস্তুত... খুব সম্ভবত পহেলা জুলাই থেকে এ দেশে প্লাস্টিক ব্যবহার বন্ধ হয়ে যাবে।”
এ মাসের শেষ নাগাদ একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যাগের উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।
জাতিসংঘ প্লাস্টিক বর্জ্যকে পরিবেশের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে ঘোষণা করেছে।
পরিবেশ রক্ষায় ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করেছে। যে তালিকায় সর্বশেষ সংযোজন পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রতিবছর নয় বিলিয়ন টন প্লাস্টিক পণ্য উৎপাদন হয়। তার মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহার হয়, বাকিটা বর্জ্য হিসেবে পরিবেশে ছড়িয়ে পড়ে।
বিশ্বে ৬০টির বেশি দেশে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ বা আংশিক নিষিদ্ধ। যদিও ওই নিষেধাজ্ঞা পূর্ণ মাত্র কার্যকর কোথাও হচ্ছে না।
তানজানিয়ার প্রতিবেশী কেনিয়ায় ২০১৭ সালের অগাস্টে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের উপর বিশ্বের সবচেয়ে কঠোর আইন প্রনয়ণ করে। ওই আইন অনুযয়ী দেশটিতে একবার প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে চার বছরের কারাদণ্ড বা ৪০ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হয়।
