২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের এফ-১৬ ভূপাতিত করার ভারতীয় দাবি ‘মিথ্যা’?

পাকিস্তানের সব এফ-১৬ যুদ্ধবিমানের হিসাব ঠিক আছে বলে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেন পলিসি সাময়িকী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2019, 11:29 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

তাদের এই তথ্য ভারতীয় বিমান বাহিনীর পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির বিপরীত তথ্য হাজির করে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ফরেন পলিসি জানিয়েছে, এই বিষয় সম্পর্কে সরাসরি জ্ঞাত দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর লোকজন পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের হিসাব নিয়েছে এবং কোনো এফ-১৬ নিখোঁজ নেই বলে দেখতে পেয়েছে।

এরপরই এক টুইটে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনে জেতার জন্য ‘যুদ্ধ উন্মদান ছড়াচ্ছে’ বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারত পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ফেব্রুয়ারির যুদ্ধাবস্থার সময় গুলি করে ভূপাতিত করার ‘মিথ্যা’ দাবি করে উন্মাদনা ছড়াচ্ছে অভিযোগ করে ইমরান বলেন, সবসময়ের জন্য সত্যই সেরা পন্থা।

টুইটে ইমরান বলেছেন, “সত্য সবসময়ই শক্তিশালী বলে প্রমাণিত হয় এবং সবসময়ই সেরা পন্থা। যুদ্ধ উন্মাদনা ছড়িয়ে ও পাকিস্তানি এফ-১৬ ভূপাতিত করার মিথ্যা দাবি করে বিজেপি নির্বাচনে জয়ী হওয়ার উদ্যোগ নিয়েছে, কিন্তু নিজেদের এই দাবিতে তারা নিজেরাই ধরাশায়ী হয়েছে, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন পাকিস্তানের বহর থেকে কোনো এফ১৬ নিখোঁজ হয়নি।”

বিজেপির মুখপাত্র বিজয় সঙ্কর শাস্ত্রী ইমরানের অভিযোগ প্রত্যাখ্যান করে রয়টার্সকে বলেছেন, “প্রথমত তাদের (পাকিস্তানের) মিথ্যা বলার অভ্যাস বিশ্বের কাছে গোপন নেই। দ্বিতীয়ত এটা পুরোপুরি পরিষ্কার যে সন্ত্রাসবাদের শিকড় পাকিস্তানে এবং পাকিস্তানে সন্ত্রাসবাদের চাষ হয়।”

সন্দেহভাজন ভারতবিরোধী জঙ্গিদের শিবিরে হামলার উদ্দেশ্যে ভারতীয় যুদ্ধবিমানগুলো সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে হামলা চালানোর পরদিন কাশ্মীরের আকাশে ভারত-পাকিস্তানের বিমান বাহিনীর মধ্যে খণ্ড বিমানযুদ্ধ হয়।

এই যুদ্ধে ভারতীয় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এবং এর পাইলট পাকিস্তানের হাতে বন্দি হয়। পরে পাকিস্তান ভারতীয় ওই পাইলটকে মুক্তি দেয়।   

তারাও পাকিস্তানি একটি এফ-১৬ ভূপাতিত করেছে বলে দাবি করে ভারত। এর প্রমাণ হিসেবে তারা একটি ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশ প্রদর্শন করে সেটি বিধ্বস্ত হওয়ার আগে ওই এফ-১৬টি থেকে ছোড়া হয়েছিল বলে দাবি করে।

নিজেদের মধ্যে বিমানযুদ্ধের বিষয়ে ভারত বা পাকিস্তান, কোনো পক্ষই বিস্তারিত তথ্য জানায়নি।  

চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া ভারতের সাধারণ নির্বাচনকে সামনে রেখে মোদী বলে আসছেন, ভারত পাকিস্তানকে একটি শিক্ষা দিয়েছে।

কঠোর জাতীয় নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বিজেপি। সেখানে প্রাসঙ্গিকভাবেই পাকিস্তানের এফ-১৬ ভূপাতিত করার বিষয়টি আসছে। 

কিন্তু যদি মার্কিন সাময়িকীর প্রতিবেদনটি সত্য বলে প্রমাণ হয় তাহলে তা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দলের জন্য সেটি একটি ধাক্কা হয়ে দেখা দিবে।