২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলি নিয়ন্ত্রিত পশ্চিমমুখে পূর্ব লিবীয় বাহিনী

পূর্ব লিবিয়ার সশস্ত্র বাহিনীগুলো পশ্চিম লিবিয়ার দিকে অগ্রসর হওয়ার পথে রাজধানী ত্রিপোলির দক্ষিণে প্রতিদ্বন্দ্বী একটি বাহিনীর সঙ্গে খণ্ডযুদ্ধে লিপ্ত হয়েছিল বলে খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 02:09 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

বুধবার স্থানীয় বাসিন্দারা ও পূর্ব লিবিয়ার কর্মকর্তারা এসব ঘটনার কথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

লিবিয়ার প্রতিবেশী দেশ আলজেরিয়ার অস্থিরতার দিকে মনোযোগ নিবিদ্ধ করে রাখা পশ্চিমা কূটনীতিক ও বিশ্লেষকরা পূর্ব লিবীয় বাহিনীর এ পদক্ষেপে বিস্মিত হয়েছেন।

গত কয়েক সপ্তাহের গণআন্দোলনের মুখে অবশেষে পদত্যাগে বাধ্য হয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলআজিজ বোতেফ্লিকা। তার পদত্যাগের মাধ্যমে দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।   

কিন্তু সেই ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার পর থেকে অস্থির হয়ে আছে লিবিয়া। কার্যত দেশটি দুটি ভাগে ভাগ হয়ে আছে। একপক্ষ ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিভাবে স্বীকৃত সরকার দেশটির পশ্চিম অংশ নিয়ন্ত্রণ করছে, অপরদিকে সমান্তরাল আরেকটি প্রশাসন খলিফা হাফতারের জোটভুক্ত হয়ে পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে। 

মিশর ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থন নিয়ে হাফতার উত্তর আফ্রিকার রাজনীতির অন্যতম খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তাকে ইসলামপন্থিদের বিরুদ্ধে শক্ত প্রাচীর বলে বিবেচনা করছে ওই দেশ দুটি। কিন্তু বিরোধীরা তাকে নতুন আরেকজন গাদ্দাফি বলে বিবেচনা করেন।

হাফতারের অনুগত বাহিনীগুলো পূব লিবিয়া নিয়ন্ত্রণ করছে এবং সম্প্রতি তাদের নিয়ন্ত্রণ দক্ষিণ লিবিয়ার দিকেও বিস্তৃত করেছে।

এবার হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে। পূর্ব লিবিয়ার প্রধান শহর বেনগাজি থেকে পশ্চিমে আসা উপকূলীয় একটি সড়কে সৈন্যরা ভ্রমণ করছে, বুধবার এমন কয়েকটি ভিডিও প্রকাশ করেছে এলএনএ-র গণমাধ্যম দপ্তর।

ওই দিনই সন্ধ্যার দিকে ত্রিপোলির দক্ষিণে গারিয়ান শহরের কাছে ত্রিপোলির প্রধানমন্ত্রী ফায়েজ আল সেরাজির অনুগত বাহিনীগুলোর সঙ্গে এলএএ-র খণ্ডযুদ্ধ হয়। যুদ্ধটি প্রায় এক ঘন্টা স্থায়ী হয় বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

এলএনএ-র মুখপাত্র আহমেদ মিসমারি আল আরাবিয়া চ্যানেলকে বলেছেন, “এই মূহুর্তে তারা ত্রিপোলির দক্ষিণে গারিয়ানে সংঘর্ষরত আছে।”   

এ লড়াইয়ে কতোজন হতাহত হয়েছেন বা অন্যান্য বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনার আগেই পূর্বাঞ্চলীয় বাহিনীগুলোর অগ্রসর হওয়ার বিষয়ে সতর্কর্তা জারি করে নিজেদের বাহিনীগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিল ত্রিপোলি সরকার। দুপক্ষের লড়াইয়ের পর ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তারা।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী সেরাজি শুধু বলেছেন, “সমস্যার সামরিক কোনো সমাধান নেই।”