২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রক্তের দাম’: খাশুগজির সন্তানদের বাড়ি দিল সৌদি সরকার

ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে নির্মম হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক জামাল খাশুগজির সন্তানদের ‘বাবার রক্তের দাম’ হিসেবে কয়েক মিলিয়ন ডলারের বাড়ি দিয়েছে সৌদি সরকার। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 02:37 PM

Updated : 08 Apr 2022, 04:01 PM

খাশুগজির সন্তানরা প্রতি মাসে ১০ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণও পাচ্ছেন বলে দেশটির সাবেক-বর্তমান কর্মকর্তা ও খাশুগজি পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন বলে খবর ওয়াশিংটন পোস্টের।

সৌদি আরবে খাশুগজি হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়ার পর ‘রক্তের দাম’ বাবদ সাজাপ্রাপ্তদের কাছ থেকে খাশুগজির দুই ছেলে ও দুই মেয়ে যেন আরও কয়েক কোটি ডলার পায়, তা নিয়ে মধ্যস্থতাও চলছে বলে কর্মকর্তা ও নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানিয়েছেন।

নিহত সাংবাদিকের পরিবারের সদস্যদের সৌদি আরব এরই মধ্যে যে ক্ষতিপূরণ দিয়েছে তার পরিমাণ জানা যায়নি বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ছয় মাস আগে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে দেশটির গোয়েন্দাদের হাতে বাবার হত্যাকাণ্ডের বিষয়ে খাশুগজির ছেলে-মেয়েরা জনসম্মুখে যেন সংযতভাবে কথা বলে, তা নিশ্চিত করার লক্ষ্যেই এ ক্ষতিপূরণ বলে জানিয়েছেন কর্মকর্তারা।

খাশুগজির হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেও এ নিয়ে কড়া সমালোচনা করার ব্যাপারে তার ছেলেমেয়েদের নিষেধ করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানই এ হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলন বলে গুঞ্জন আছে।

রাজপরিবারের সমালোচক হিসেবে খ্যাত খাশুগজিকে হত্যায় যে ‘বড় ধরনের অন্যায় সংঘটিত হয়েছে’ তা স্বীকার করে নিয়ে ‘ভুল সংশোধনের চেষ্টা হিসেবে’সৌদি বাদশা সালমান গত বছরের শেষ দিকে নিহতের সন্তানদের জন্য বাড়ি এবং প্রত্যেককে প্রতি মাসে ১০ হাজার ডলারের বেশি অর্থ দেওয়ার নির্দেশ দেন বলে সাবেক এক কর্মকর্তা জানিয়েছেন।

সৌদি আরবের এক কর্মকর্তা বলছেন, সহিংসতা কিংবা প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আর্থিকভাবে সহযোগিতা করা উপসাগরীয় দেশটির দীর্ঘদিনের ঐতিহ্য।

অর্থের বিনিময়ে খাশুগজির সন্তানদের চুপ করিয়ে রাখার ইঙ্গিতও প্রত্যাখ্যান করেছেন তিনি।

“এ ধরনের সহযোগিতা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এর সঙ্গে অন্য কোনো কিছুর যোগ নেই.” মন্তব্য তার।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, খাশুগজির সন্তানদের সঙ্গে হওয়া মধ্যস্থতার প্রথমেই তাদের প্রত্যেককে জেদ্দায় একটি করে বাড়ি দেওয়া হয়েছে, যার প্রতিটির মূল্য ৪০ লাখ ডলারের বেশি।

চারটি বাড়িই একটি বড় কম্পাউন্ডের ভিতরে। তার মধ্যে মূল ভবনটি নিয়েছেন খাশুগজির বড় ছেলে সালাহ।

জেদ্দায় ব্যাংকে কাজ করা সালাহ-ই ওয়াশিংটন পোস্টের খুন হওয়া সাংবাদিকের একমাত্র সন্তান, ‍যিনি সৌদি আরবেই থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে পরিবারটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে থাকা খাশুগজির বাকি তিন সন্তান এ সম্পদগুলো বিক্রি করে দেবেন বলেই ধারণা করা হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আর্থিক লেনদেন বিষয়ে জানতে চাওয়া হলেও খাশুগজির বড় ছেলে এ প্রসঙ্গে কথা বলতে রাজি হননি।

পরিবার নিয়ে জেদ্দায় থেকে যাওয়ার তার এ সিদ্ধান্ত ও এ নিয়ে ভাইবোনদের মধ্যে মতভেদ এবং জনসম্মুখে খাশুগজি হত্যাকাণ্ড নিয়ে তার সন্তানদের প্রতিক্রিয়ার বিষয়ে গত ছয় মাস ধরে উদ্বিগ্ন ছিল সৌদি কর্তৃপক্ষ।

অক্টোবরে সৌদি সরকারের প্রকাশিত এক আলোচকচিত্রে সালাহকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদের সঙ্গে হাত মেলাতে দেখা গেছে।

ছবিটি খাশুগজির পরিবারের প্রতি ক্রাউন প্রিন্সের সমবেদনার চিত্র হিসেবে হাজির করা হলেও, অনেকেই একে নিহতের সন্তানদের ওপর রাজ পরিবারের ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিলেন।

ওয়াশিংটন পোস্টে গত বছরের শেষ দিকে লেখা এক নিবন্ধে খাশুগজির দুই মেয়ে নোহা ও রাজন জামাল সৌদি আরবের পরিবর্তন নিয়ে তাদের বাবা কী কী আশাবাদ ব্যক্ত করতেন তা বর্ণনা করেছিলেন।

খাশুগজি ‘ভিন্নমতাবলম্বী’ ছিলেন না বলে জোর দিলেও তারা বাবার খুনের জন্য সৌদি ক্রাউন প্রিন্স কিংবা অন্য কোনো কর্মকর্তাকে দায় দেননি তারা।

সৌদি সরকারের দেয়া ক্ষতিপূরণ বিষয়ে নোহা কোনো মন্তব্য করেননি; রাজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায়নি।

খাশুগজির ছোট ছেলে আব্দুল্লাহও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ওয়াশিংটনে তাদের পরিবারের প্রতিনিধিত্বকারী আইনজীবী উইলিয়াম টেইলরও খাশুগজি হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলে-মেয়েদের ক্ষতিপূরণ পাওয়া সংক্রান্ত বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

সৌদি সরকারের সঙ্গে খাশুগজি পরিবারের এ মধ্যস্থতার নেতৃত্বে ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত, ক্রাউন প্রিন্সের ভাই খালিদ বিন সালমান ছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।