কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে চার বিচ্ছিন্নতাবাদী নিহত ও নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।
সোমবার ভোররাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার এ অভিযানে নিহতরা লস্কর-ই-তৈয়বার জঙ্গি বলে দাবি ভারতীয় নিরাপত্তা বাহিনীর।
শ্রীনগরভিত্তিক প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, “পুলওয়ামার অভিযানে চার সন্ত্রাসীকে খতম করা হয়েছে।”
আহত সৈন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা বিপদমুক্ত ও তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে পুলিশের সূত্রগুলো এনডিটিভিকে জানিয়েছে।
পুলওয়ামার লাসিপোরা এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের সুনির্দিষ্ট খবর পেয়ে সেখানে অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
এনডিটিভির খবরে বলা হয়, বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান ঘিরে তল্লাশি চালানোর এক পর্যায়ে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীরা গুলি শুরু করে। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে চার বিচ্ছিন্নতাবাদীর সবাই নিহত হয়।
ঘটনাস্থল থেকে চারটি রাইফেল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এর একদিন আগে পুলওয়ামা শহরে হাতবোমা হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়েছিলেন। তবে তার আঘাত গুরুতর ছিল না বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছিলেন।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে ভারতীয় আধা-সামরিক বাহিনীর এক গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় ৪০ সেনা নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর থেকে কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী বিরোধী অভিযান জোরদার করেছে ভারতীয় বাহিনীগুলো।
