প্রতিবাদ বার্ষিকী: গাজা সীমান্তে ফিলিস্তিনিদের জমায়েত
গত বছরের ব্যাপক গণপ্রতিবাদের প্রথম বার্ষিকী পালন করতে হাজার হাজার ফিলিস্তিনি গাজা-ইসরায়েল সীমান্তে জড়ো হয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় সীমান্তের অপর পাশে ইসরায়েলি বাহিনীগুলোর বহু সংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গাজা সীমান্তের শনিবারের জমায়েতে প্রায় ২০ হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছে এবং তারা ইসরায়েলি বাহিনীগুলোর অবস্থান লক্ষ্য করে পাথর, হাত বোমা ও জ্বলন্ত টায়ার ছুড়ে মারছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
পরিস্থিতি মোকাবিলায় তাদের সেনারা সীমান্তজুড়ে গাজার অংশে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করছে বলেও জানিয়েছে বাহিনীটি।
যারা সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে চলে যাওয়ার চেষ্টা করছেন তাদের বাধা দিচ্ছেন কমলা রংয়ের জ্যাকেট পরা ফিলিস্তিনি আন্দোলনকারীরা।
এখানে লাউড স্পিকারে ফিলিস্তিনি জাতীয় সংগীত বাজানো হচ্ছিল। ভারি বৃষ্টিপাতের মধ্যেও গাজার বাসিন্দারা বিভিন্ন প্রতিবাদস্থলে জড়ো হয়েছেন। আন্দোলনকারীদের অংশগ্রহণ বাড়াতে গাজার স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে।
কেউ আহত হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য মাঠ পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, শনিবার ভোরে সীমান্তের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, কারো মৃত্যুর কথা তাদের জানা নেই এবং শুক্রবার রাতভর সীমান্তের কাঁটাতারের কাছে বিস্ফোরক বস্তু নিক্ষেপ করেছে ফিলিস্তিনিরা।
গত বছরের ৩০ মার্চ ‘গ্রেট মার্চ টু রিটার্ন’ প্রতিবাদ শুরু করেছিল গাজার ফিলিস্তিনিরা। তখন দুই শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছিল। এই ঘটনার প্রথম বার্ষিকীকে সামনে রেখে দুপক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল।
সোমবার গাজা থেকে ছোড়া একটি রকেটে তেল আবিবের উত্তরে সাত ইসরায়েলি আহত হন। এর জবাবে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল ও তাদের বাহিনীগুলোকে গাজা সীমান্তে প্রস্তুত অবস্থায় রাখে।
গত বছরের কথা স্মরণ রেখে আরও রক্তপাত এড়াতে কাজ করছেন মিশরীয় মধ্যস্থতাকারীরা। তারা গাজার ওপর আরোপ করা ইসরায়েলি নিয়ন্ত্রণও সহজ করার চেষ্টা করছেন। দুপক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে হামাস ও ইসলামিক জিহাদ।
