উত্তর কোরিয়া নির্বাচন: ব্যালোটে ছিলেন না কিম
উত্তর কোরিয়ার জাতীয় নির্বাচনে প্রত্যাশিতভাবে ক্ষমতাসীনরাই ভোটে জয়লাভ করেছে। তবে এবারের নির্বাচনে ব্যালট পেপারে নেতা কিম জং-উনের নাম ছিল না, যা দেশটির ইতিহাসে প্রথম।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে মঙ্গলবার পার্লামেন্টের ৬৮৭ সদস্যের নাম ঘোষণা করা হয়। তারা সবাই সুপ্রিম পিপলস এসেম্বলিতে (এসপিএ) নির্বাচিত হয়েছে। কিন্তু এ তালিকায় কিমের নাম ঘোষণা করা হয়নি।
বিবিসি'র প্রতিবেদনে বলা হয়, যদি এ তথ্য নিশ্চিত হয় তবে এ প্রথম উত্তর কোরিয়ার কোনো নেতা পার্লামেন্ট পদের জন্য লড়েননি। তবে তার বোন কিম ইয়ো জং নির্বাচিত হয়েছেন।
গত রোববার উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়। সেখানে পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর। বিশ্বের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন দেশটিতে বিরোধী দলের কোনো অস্তিত্ব না থাকায় ভোটাররা ক্ষমতাসীন দলের প্রার্থীদের ভোট দিতে বাধ্য। সেখানে ব্যালট পেপারে একটি মাত্র নামই লেখা থাকে এবং সবার সামনে ভোট দিতে হয়।
আইন অনুযায়ী উত্তর কোরিয়ায় ১৭ বছরের উপরে সবাই ভোটার এবং সব ভোটারের ভোট প্রদান বাধ্যতামূলক । যে কারণে দেশটিতে প্রায় শতভাগ ভোট পড়ে।
কিম পরিবার শাসিত উত্তর কোরিয়ায় নাগরিকদের ওই পরিবার এবং পরিবারের বর্তমান নেতার প্রতি পূর্ণ আনুগত্য দেখাতে হয়।
উত্তর কোরিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞ র্যাচেল মিনইয়াং লি বিবিসি’কে বলেন, পার্লামেন্ট সদস্যদের তালিকায় কিমের নাম না থাকা মানে এটা নয় যে সরকার ব্যবস্থায় তার কর্তৃত্ব কমে যাচ্ছে।
“বরং বিশ্বের সামনে উত্তর কোরিয়া নিজেদের অন্যান্য সাধারণ রাষ্ট্রের মত তুলে ধরার যে চেষ্টা করছে তার অংশ হিসেবে এটা করা হয়েছে। বেশির ভাগ গণতান্ত্রিক রাষ্ট্রে প্রেসিডেন্ট পার্লামেন্ট সদস্য হন না।”
