ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনা: লেখক ও ২১ জাতিসংঘ কর্মী নিহত
ইথিওপিয়ায় যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহী নিহত হয়েছে তাদের মধ্যে আছেন পুরস্কারজয়ী একজন লেখক, এক ফুটবল কর্মকর্তা এবং মানবিক ত্রাণকর্মীদের একটি দল। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা একথা জানিয়েছেন।
রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে বোয়িং কোম্পানির ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটি ১৪৯ জন যাত্রী ও আট জন ক্রু নিয়ে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে নাইরোবির উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু মাত্র আট মিনিট পর ৮টা ৪৪ মিনিটে ফ্লাইট ৩০২ বিশফটু শহরের কাছে বিধ্বস্ত হয়।
এতে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে জাতিসংঘকে। উড়োজাহাজে থাকা অন্তত ২১ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র।
জাতিসংঘ স্টাফদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহাসচিব এন্টোনিও গুতেরেস। ডব্লিউএফপি বলেছে, তাদের ৭ জন স্টাফ উড়োজাহাজটিতে ছিল।
এছাড়াও ছিলেন, অটোয়ার চার্লটন বিশ্ববিদ্যালয়ের নাইরোবি বংশদ্ভূত এক অধ্যাপক। যিনি একজন পুরস্কারপ্রাপ্ত লেখক। ২০১০ সালে তিনি আফ্রিকা বিষয়ক লেখনীর জন্য পেঙ্গুইন পুরস্কার পেয়েছিলেন।
বিমান দুর্ঘটনায় এ ক্ষতির পাশাপাশি বড় ধরনের ক্ষতি হয়েছে কেনিয়ারও। কেনিয়ার অন্তত ৩২ জন নাগরিক এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।
