২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে কিম, পৌঁছলেন ট্রাম্পও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ভিয়েতনামে উপস্থিত হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ট্রাম্পও এরই মধ্যে সেখানে পৌঁছেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2019, 12:22 PM

Updated : 10 Oct 2022, 08:57 PM

ট্রেনে উত্তর কোরিয়া থেকে চীন হয়ে মঙ্গলবার ভিয়েতনাম পৌঁছান কিম, একই দিন সন্ধ্যার মধ্যে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান বিমানে করে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌছান।

রাজধানী পিয়ংইয়ং থেকে যে ট্রেনে করে কিম রওনা হয়েছিলেন সেটি চীনের সীমান্ত পেরিয়ে ভিয়েতনামের ডং ড্যাং শহরে পৌঁছলে দেশটির কর্মকর্তারা তাকে উষ্ণঅভ্যর্থনা জানান। উত্তর কোরিয়া ও ভিয়েতনামের পতাকায় সজ্জিত ডং ড্যাং রেলস্টেশনে কিমকে গার্ড অব অনারসহ লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়।

কিমের বোন ও তার গুরুত্বপূর্ণ সহযোগী কিম ইয়ো জোং-ও ভাইয়ের সঙ্গে ভিয়েতনামে এসেছেন।

সেখান থেকে গাড়িতে করে হ্যানয়ের পথে রওনা হন কিম। দুই ঘন্টার এই যাত্রাপথে প্রায় এক ডজন দেহরক্ষী তার গাড়ির পাশে পাশে দৌড়ে যায়।

এ সময় ডং ড্যাং থেকে হ্যানয়ের পথে অন্যান্য গাড়ি চলাচল বন্ধ ছিল। হ্যানয়ের মেলিহা হোটেলে যাওয়ার পুরোটা পথ সাঁজোয়া যান নিয়ে পাহারা দেয় ভিয়েতনামিনিরাপত্তা বাহিনী। ভিয়েতনাম সফরে এই মেলিহা হোটেলেই অবস্থান করবেন উত্তর কোরীয় নেতা।

সফরকালে কিম ও ট্রাম্প উভয়েরই পৃথকভাবে ভিয়েতনামি নেতাদের সঙ্গে বৈঠক করার কথা আছে।

 

হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় দুই নেতার সম্মানে আয়োজিত এক নৈশভোজে অংশ নিবেন কিম ও ট্রাম্প, এরপরসংক্ষিপ্ত মুখোমুখি বৈঠকে মিলিত হবেন তারা।

সিঙ্গাপুরে ঐতিহাসিক প্রথম বৈঠকের আট মাস পর ফের মিলিত হচ্ছেন কিম ও ট্রাম্প। সিঙ্গাপুরের ওই বৈঠকটি ছিল উত্তর কোরীয় কোনো নেতার সঙ্গে ক্ষমতাসীনকোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।