নানদের যৌন নিপীড়ন করেন যাজকরা: পোপ
গির্জার যাজকরা নানদের যৌন নীপিড়ন করেন এমনকি যৌনদাসীও করে রাখেন বলে স্বীকার করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
মঙ্গলবার মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক সফরে গিয়ে সাংবাদিকদের একথা বলেন পোপ। তার এমন স্বীকারোক্তি সম্ভবত এটিই প্রথম বলে জানিয়েছে বিবিসি।
তিনি বলেন, “যৌন নিপীড়নের সমস্যার মূলে রয়েছে নারীদের দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবে গণ্য করা।
গির্জার পক্ষ থেকে এ সমস্যা সমাধানের উদ্যোগ নিলেও এখনো যৌন নিপীড়নের ঘটনা ঘটছে বলে জানান পোপ।
তিনি বলেন, “যাজক এবং বিশপরা নানদের নিপীড়ন করেছেন। গির্জাগুলো এ কেলেঙ্কারির বিষয়ে সজাগ এবং এসব বন্ধ করতে কাজ করছে।”
গত নভেম্বরে ক্যাথেলিক গির্জার একটি আন্তর্জাতিক সংগঠন নানদের জন্য প্রচলিত কঠোর অনুশাসন ‘নীরব থাকা ও গোপন রাখার প্রচলিত সংস্কৃতির’ নিন্দা জানিয়ে বলে, এই অনুশাসন নানদের যৌন নিপীড়ন নিয়ে মুখ খুলতে বাধা দেয়।
দীর্ঘদিন ধরেই গির্জায় যাজকদের হাতে শিশু ও কিশোরদের যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে।
ভ্যাটিকান কর্তৃপক্ষ যৌন নিপীড়নকারী অভিযোগে বেশ কয়েকজন যাজক ও বিশপকে বরখাস্তও করেছে বলে জানান পোপ।
তিনি বলেন, “আমরা এখন এ সমস্যা সমাধানের পথে হাঁটতে শুরু করেছি।
“যৌন নিপীড়নের সুনির্দিষ্ট অভিযোগের জেরে পূর্বসূরি পোপ বেনেডিক্ট একটি নারী সমাবেশ বিলুপ্ত ঘোষণা করার সাহস দেখিয়েছিলেন। কারণ, সেখানেও বিশেষ করে যৌন দাসত্বের বিষয়টি ঢুকে গিয়েছিল।”
দীর্ঘদিন ধরেই নানদের উপর যৌন নিপীড়ন চলছে স্বীকার করে করে পোপ আরো বলেন, “এ সমস্য অনেক দিনের। কিন্তু নির্দিষ্ট কিছু সমাবেশে নিপীড়নের ঘটনা অনেক বেশি মাত্রায় ঘটছে।
যৌন নিপীড়নের সমস্যা থেকে গির্জাগুলোকে মুক্ত করতে সময় লাগবে জানিয়ে পোপ ফ্রান্সিস বলেন, “আমার মনে হয় এখনও যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। কারণ, এমন নয় যে আপনি কিছু নিয়ে সজাগ হলেন, আর সেই সমস্যা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে।”
