কিম-ট্রাম্প বৈঠকের আগে উ. কোরিয়ায় যুক্তরাষ্ট্রের দূত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের দ্বিতীয় বৈঠককে সামনে রেখে পিয়ংইয়ংয়ে সফর করছেন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ বিগেন।
উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে দু’নেতার বৈঠকের আগে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিতে বিগেন এ সফর করছেন।
চলতি মাসের ২৭ তারিখ ভিয়েতনামে কিমের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। এ ঘোষণা আসার পরপরই বিগেন উত্তর কোরিয়া পৌঁছালেন বলে জানিয়েছে বিবিসি।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বিগেন পিয়ংইয়ং গেছেন। এ সফরের মধ্য দিয়ে তিনি ট্রাম্প-কিম আসন্ন বৈঠকে বাস্তবসম্মত আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে চান বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ জানিয়েছে, সিঙ্গাপুরের প্রথম বৈঠকে ট্রাম্প ও কিমের দেওয়া পারস্পরিক প্রতিশ্রুতির বিষয়গুলো এগিয়ে নিতে বিগেনের এ সফর সহায়ক হবে।
গত বছর জুনের ওই প্রথম বৈঠকে ট্রাম্প ও কিম নিরস্ত্রীকরণ নিয়ে স্পষ্ট কোনো আলোচনা করতে পারেননি। দুইজনই নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ হলেও তা কীভাবে করা হবে এবং বিষয়টি যাচাই করা যাবে কীভাবে তা নিয়ে স্পষ্ট কোনো আলোচনা হয়নি। এবারের বৈঠকে ওই অস্পষ্টতাই দূর করার চেষ্টা চলবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র চায়, উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় তাদের সব পরমাণু অস্ত্র ধ্বংস করুক। তবে উত্তর কোরিয়া কখনো এমন কিছু করার কথা বলেনি।
জাতিসংঘ এরই মধ্যে সতর্ক করে বলেছে, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং নিষেধজ্ঞা ভঙ্গ করছে।
