ইসরায়েলের নির্বাচনী বিলবোর্ডে ট্রাম্পের ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী প্রচারের জন্য তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাসিমুখে করমর্দনের ছবির বিশাল একটি বিলবোর্ড তেল আবিবের মূল প্রবেশপথে টাঙিয়েছে লিকুদ পার্টি।
রোববার হিব্রু ভাষায় লেখা এ বিলবোর্ড টাঙানো হয়। ফিলিস্তিন এবং ইরানের প্রতি কঠোর নীতি, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়া এবং গত বছর মে মাসে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের কারণে ট্রাম্প ইসরায়েলে জনপ্রিয় ব্যক্তিত্ব।
তবে বিলবোর্ডে ট্রাম্পের এ ছবি লাগানোর অনুমোদন হোয়াইট হাউজ দিয়েছে কিনা- রয়টার্স সাংবাদিকের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে কিছু বলেননি নেতানিয়াহুর লিকুদ পার্টির মুখপাত্র।
ইসরায়েলে আগামী এপ্রিলেই নির্বাচন। এ নির্বাচনে নেতানিয়াহুই জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে জনমত জরিপগুলোতে তাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে ফেলার মত একজন প্রার্থীও উঠে এসেছেন। তিনি হচ্ছেন দেশটির সাবেক জেনারেল বেনি গাঞ্জ।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামনে ঝুলছে দুর্নীতির তিনটি অভিযোগ। তবে তিনি কোনো অপকর্ম করার কথা অস্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে তদন্তকে ‘উইচ হান্ট’ আখ্যা দিয়েছেন।
