মাদুরোর ওপর চাপ বাড়িয়ে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়িয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
তেল কোম্পানি ‘পিডিভিএসএ’র ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগের জন্য চাপ দিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সোমাবার এ পদক্ষেপ নেয়।
এর নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, এর মাধ্যমে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র অবৈধভাবে হস্তক্ষেপের চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্র তেল না কিনলে ভেনেজুয়েলার পক্ষে হয়তো মস্কো থেকে নেওয়া সোয়া ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করা সম্ভব হবে না বলে আশঙ্কা তাদের।
গত ২৩ জানুয়ারি সরকার বিরোধী এক জনসমাবেশে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন। ওই দিনই যুক্তরাষ্ট্র, কানাডা এবং লাতিন আমেরিকার অধিকাংশ দেশ তাকে স্বীকৃতি দেয়।
অস্ট্রেলিয়া এবং ইউরোপের দেশগুলোও গুইদোর প্রতি সমর্থন জানিয়ে ভেনেজুয়েলায় নতুন করে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে।
অন্য দিকে রাশিয়া, চীন ও তুরস্ক মাদুরোর প্রতি তাদের সমর্থন জানিয়েছে।
সোমবার ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপের কয়েক মিনিট আগে টেক্সাস ভিত্তিক ভেনেজুয়েলার ‘সিতগো পেট্রোলিয়াম কর্পোরেশন’ এর নতুন পরিচালক পর্ষদ গঠন করা হবে বলে জানিয়েছিলেন।
পিডিভিএস এর মালিকানাধীন ‘সিতগো পেট্রোলিয়াম কর্পোরেশন’ ভেনেজুয়েলার তেল পরিবহন, পরিশোধন, ও বাজারজাত করে।
ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের পর টেলিভিশনে জাতির উদ্দেশ্যে এক ভাষণে মাদুরো বলেন, “যুক্তরাষ্ট্র বিদেশের মাটিতে আমাদের সবচেয়ে দামি সম্পদ সিতগো পেট্রোলিয়াম চুরি করার চেষ্টা করছে। ভেনেজুয়েলা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।”
ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার পর পিডিভিএসএ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের জন্য ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কিনতে এরই মধ্যে বন্দরে আসা গ্রাহকদের আগে দাম পরিশোধ করতে বা নিজ দায়িত্বে ট্যাঙ্কার পূর্ণ করতে বা বন্দর ত্যাগ করতে নির্দেশ দিয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের জন্য ভেনেজুয়েলার তেল কেনা বৃহৎ তিন বায়ার হলো সিতগো, ভালেরো এনার্জি কর্পোরেশন এবং শেভরন কর্পোরেশন।
দীর্ঘদিন ধরে বিশৃঙ্খল রাজনৈতিক অবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে ওপেক ভূক্ত দেশ ভেনেজুয়েলার তেল শিল্প বড় ধরনের অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে; তেল রপ্তানি হ্রাস পেয়েছে মারাত্মকভাবে।
তারপরও দেশটি যুক্তরাষ্ট্রে চতুর্থ বৃহৎ তেল বিক্রেতা। ভেনেজুয়েলা থেকে প্রতি দিন গড়ে পাঁচ লাখ ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে যায়।
ওই কর্মকর্তা বলেন, “এখন পিডিভিএসএ কর্তৃপক্ষ ভালেরো, সিতগো এবং শেভরনকে আগে দাম পরিশোধ করা ছাড়া বন্দর ত্যাগ করতে দিচ্ছে না।”
যুক্তরাষ্ট্রের শীর্ষ তেল ক্রেতাদের জন্য ট্রাম্প প্রশাসনের ঘোষণা করা ‘ব্লকড একাউন্ট’ এর কারণে পিডিভিএসএ এই ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান ওই কর্মকর্তা।
সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী বলেছিলেন, “যদি ভেনেজুয়েলার জনগণ আমাদের কাছে তেল বিক্রি অব্যাহত রাখতে চায় তবে শর্ত হচ্ছে, তাদের তেলের মূল্য একটি ব্লকড একাউন্টে যাবে। এতে রাজি হলেই কেবল আমরা তাদের তেল কিনব, না হলে নয়।”
তেলের যে চালান এরই মধ্যে দাম পরিশোধ করে সমুদ্রপথে রয়েছে তারা এই নিষেধাজ্ঞার অন্তর্ভূক্ত নয় বলেও জানান তিনি।
