২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বিশিষ্ট মানবাধিকার আইনজীবীর কারাদণ্ড

দেশের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ওয়াং কুয়ানঝাংকে দোষীসাব্যস্ত করে সাড়ে চার বছরের কারাদাণ্ড দিয়েছে চীনের একটি আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Jan 2019, 10:06 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

তিয়ানজিন আদালতে সোমবারের রায়ে বলা হয়, “রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওয়াং দোষীসাব্যস্ত হয়েছেন। এজন্য তাকে চার বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হল। পাঁচ বছরের জন্য তার রাজনৈতিক অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে।”

গত মাসে রুদ্ধদ্বার আদালতে ৪২ বছরের ওয়াংয়ের বিচার কার্যক্রম শুরু হয়েছিল। কোনো সাংবাদিক বা বিদেশি কূটনীতিককে আদালত কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এমনকি ওয়াংকে কোনো আইনজীবী নিয়োগ করার সুযোগও দেওয়া হয়নি। রাষ্ট্র থেকে তাকে একজন আইনজীবী দেওয়া হয়েছিল, যাকে বিচার চলাকালে তিনি বরখাস্ত করেন।

ওয়াংয়ের স্ত্রী লি ওয়েনজুর উপরও নিষেধাজ্ঞা জারি থাকায় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। বেইজিংয়ে নিজ বাড়িতে তাকে আবদ্ধ করে রাখা হয়েছে।

ওয়াং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বিরোধী রাজনৈতিক আন্দোলনকারীদের পাশাপাশি দেশটির নিষিদ্ধ ঘোষিত আধ্যাত্মিক গোষ্ঠী ‘ফালুন গং’ এর অনুসারীদের পক্ষে কাজ করতেন। সুইডেনের মানবাধিকার কর্মীদের সঙ্গেও কাজ করেছেন তিনি।

বিরোধী মত দমনে ২০১৫ সালে চীন সরকারের অভিযানে নিখোঁজ হওয়া শতাধিক আইনজীবীর মধ্যে তিনি একজন।

বিরোধীমত দমনে চীনের সরকারি ওই অভিযান ‘৭০৯’  নামে পরিচিত। ২০১৫ সালের ৯ জুলাই যা শুরু হয়েছিল।

ওই অভিযানে আইনজীবীসহ দুই শতাধিক মানুষকে আটক করা হয়। তাদের অনেকেই এখন কারাগারে আছেন বা গৃহবন্দি জীবন কাটাচ্ছেন।

এরকম চারজন আইনজীবীকে ‘বিনা বিচারে বন্দি’ এবং তাদের মুক্তির দাবিতে গত ১৭ ডিসেম্বর তাদের স্ত্রীরা মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানিয়েছেন; যাদের মধ্যে ওয়াংয়ের স্ত্রীও ছিলেন।

তার আগে গত বছর এপ্রিলে নিখোঁজ স্বামীর সন্ধান জানতে সন্তান কোলে রাজধানী বেইজিং থেকে তিয়ানজিন নগরীর পথে হেঁটেছিলেন লি। তখন লি বলেছিলেন, তার স্বামী ওয়াংকে তিয়ানজিনে আটকে রাখা হয়েছে বলে তার ধারণা। যা পরে সত্যি প্রামাণিত হয়।