ভেনেজুয়েলার মাদুরোকে ইউরোপীয় নেতাদের আল্টিমেটাম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আট দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা দিতে বলেছে স্পেন, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য; তা না হলে বিরোধীদলীয় নেতাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিবে বলে সতর্ক করেছে।
বুধবার মাদুরোবিরোধী বিশাল সমাবেশে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণার পর থেকে চাপে আছেন মাদুরো।
গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনাসহ কয়েকটি দেশ।
অপরদিকে গুইদো একটি ক্যু করার চেষ্টা করছেন অভিযোগ করে মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন।
রাশিয়া, চীন, মেক্সিকো, তুরস্কসহ কয়েকটি দেশ তার প্রতি সমর্থন জানিয়েছে।
চলতি মাসের প্রথমদিকে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। কিন্তু বিরোধীদলের বয়কট ও ভোট কারচুপির অভিযোগের কারণে তার নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এক টুইটে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, “লাতিন আমেরিকার প্রতি স্পেনের একটি দায়িত্ব আছে। আমরা সরকার পরিবর্তন বা সরাতে চাইছি না, আমরা ভেনেজুয়েলায় গণতন্ত্র এবং অবাধ নির্বাচন চাই।”
ফ্রান্স ও জার্মানিও প্রায় একই ধরনের বিবৃতি দিয়ে ভেনেজুয়েলায় নির্বাচনের দাবি জানিয়েছে।
ভেনেজুয়েলার নির্বাচন ‘গভীরভাবে ত্রুটিপূর্ণ’ বলে উল্লেখ করে মাদুরো ‘বৈধ নেতা নন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।
এসব চাপ সত্বেও এ পর্যন্ত ভেনেজুয়েলার সামরিক বাহিনীর সমর্থন ধরে রেখেছেন মাদুরো। অপরদিকে গুইদো সামরিক বাহিনীকে ‘ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার’ আহ্বান জানিয়েছেন।
