খাশুগজি হত্যার তদন্তে নামছে জাতিসংঘ
সৌদি সাংবাদিক জামাল খাশুগজি হত্যাকাণ্ড তদন্তে আগামী সপ্তাহে তুরস্ক যাচ্ছেন জাতিসংঘের একজন বিশেষজ্ঞ তদন্ত কর্মকর্তা।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ক বিশেষজ্ঞ তদন্তকারী অ্যাগনেস ক্যালামার খাশুগজি হত্যার ঘটনার 'স্বাধীন আন্তর্জাতিক তদন্তের' নেতৃত্ব দেবেন।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকার কলাম লেখক খাশুগজিকে গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যা করে সৌদি চররা।
বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কভুসোগলু বলেছেন, এ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের সময় হয়েছে এবং প্রেসিডেন্ট এরদোয়ান এর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
জেনেভায় রয়টার্সের কাছে এক ইমেইলে স্বাধীন জাতিসংঘ তদন্তকারী ক্যালামার বলেছেন, “আমি সৌদি সাংবাদিক জামাল খাশুগজি হত্যাকাণ্ড নিয়ে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের নেতৃত্ব দেব। ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারিতে তুরস্ক সফরের মধ্য দিয়ে এ তদন্ত শুরু হবে।”
ক্যালামার জানান, তিনি এ অপরাধের পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করবেন। সেইসঙ্গে বিভিন্ন রাষ্ট্র ও ব্যক্তির স্বরূপ এবং এ হত্যাকাণ্ডের জন্য তারা কতটা দায়ী তাও খতিয়ে দেখবেন।
তিনি বলেন, “তদন্তে পাওয়া তথ্য এবং এ সংক্রান্ত সুপারিশ জাতিসংঘ মানবাধিকার পরিষদে জমা দেওয়া হবে আগামী জুনের অধিবেশনে।”
