ভেনেজুয়েলায় ‘ক্ষমতা জবরদখলের চেষ্টা’র নিন্দায় রাশিয়া
ভেনেজুয়েলায় স্বঘোষিত অর্ন্তবর্তী প্রেসিডেন্ট বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে সমর্থন দিয়ে বিদেশি শক্তিগুলো মাদুরোর কাছ থেকে ‘ক্ষমতা জবরদখলের চেষ্টা’ চালাচ্ছে বলে নিন্দা করেছে রাশিয়া।
বিরোধীদলীয় এ নেতাকে স্বীকৃতিন দিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ‘সরাসরি রক্তপাতের পথে যাচ্ছে’ বলেও মস্কো সতর্ক করেছে।
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো বুধবার নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছে, বিবিসি বার্তা সংস্থা রয়টার্স।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সরাসরি গুইদোকে স্বীকৃতি না দিলেও তার পক্ষ সমর্থন করে কথা বলেছে এবং ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের আহ্বান জানিয়েছে।
গুইদোকে মার্কিন স্বীকৃতির পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এর জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
উগো চাভেজের মৃত্যুর পর ২০১৩ সালে ভেনেজুয়েলার নেতৃত্বে আসেন মাদুরো। গত বছর মে মাসে নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এ মাসেই শপথ নেন তিনি। যদিও কারচুপির অভিযোগে তুলে বিরোধীদল ওই ভোট বয়কট করেছে এবং ভোটের স্বচ্ছতা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে।
ওদিকে, গুইদো জাতীয় পরিষদের প্রধান। তার দাবি, দেশের সংবিধান অনুযায়ী তার অর্ন্তর্বর্তী ক্ষমতা নেওয়ার এখতিয়ার আছে। কারণ, মাদুরোর নির্বাচন এবং তার প্রেসিডেন্সি অকার্যকর বলেই তিনি মনে করেন। দেশে একটি অবাধ নির্বাচন করারও প্রতিশ্রুতি দিয়েছেন গুইদো।
যে কারণে নিন্দায় সোচ্চার রাশিয়া
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলা। মস্কো ভেনেজুয়েলাকে কোটি কোটি ডলার ঋণ দিয়েছে এবং দেশটির তেল শিল্প ও সেনাবাহিনীকে নানাভাবে সহায়তা করছে। ভেনেজুয়েলায় সামরিক মহড়ায়ও অংশ নেয় রাশিয়া।
মাদুরোকে ভেনেজুয়েলার ‘বৈধ প্রেসিডেন্ট’ বলেই মানে তারা। বৃহস্পতিবার রাশিয়া ভেনেজুয়েলার রাস্তায় বিক্ষোভ উস্কে দেওয়া এবং মাদুরোর ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের কোনোরকম সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধেও মস্কো সতর্ক করে দিয়ে বলেছে, “এমন সিদ্ধান্ত হবে হঠকারি এবং তা বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে।”
যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “আমরা একে ভেনেজুয়েলার সার্বভৌম কর্তৃপক্ষকে জোর করে উৎখাত করার চেষ্টা বলেই মনে করি। এটি আন্তর্জাতিক আইনের নীতি পরিপন্থি এবং এর লঙ্ঘন।” তিনি বলেন, “মাদুরোই বৈধ রাষ্ট্রপ্রধান।”
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গুইদোর ঘোষণা ‘সরাসরি আইনশৃঙ্খলাহীনতা ও রক্তপাতের পথে পা বাড়ানো’।
“কেবলমাত্র ভেনেজুয়েলাবাসীরই অধিকার আছে তাদের ভবিষ্যত নির্ধারণের। এখনকার, বিশেষ করে এই চরম উত্তেজনার মূহূর্তে বাইরের ধ্বংসাত্মক উস্কানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না,” বলেছে তারা।
বুধবার রাজধানী কারাকাসের পূর্ব দিকে এক সমাবেশে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার বিরোধী নেতা গুইদো অভিযোগ করে বলেন, মাদুরো ভেনেজুয়েলার ক্ষমতা দখল করে আছেন।
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই দখলদারিত্ব শেষ করার জন্য আমি রাষ্ট্রপতির সব ক্ষমতা গ্রহণ করার শপথ নিলাম।”
ভেনেজুয়েলায় একটি অন্তর্বর্তী সরকার গঠন করারও প্রতিশ্রুতি দেন গুইদো।
