২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামীর সাক্ষাৎকার নেওয়ায় টিভি উপস্থাপকের জেল!

সমকামী এক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ায় টিভি উপস্থাপককে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2019, 02:21 AM

Updated : 08 Apr 2022, 03:44 PM

বিবিসি জানায়, মোহম্মদ আল-ঘেইতি তার ব্যক্তিমালিকানাধীন এলটিসি টিভি চ্যানেলে গত বছর অগাস্টে একটি ‘টক শো’ তে ওই সাক্ষাৎকার নেন।

কিন্তু সমকাম নিয়ে প্রকাশ্যে এমন আলোচনার কারণে গিজা শহরের আদালত ঘেইতিকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৩ হাজার মিশরীয় পাউন্ড জরিমানাও করেছে। উপরন্তু কারাভোগের পরও একবছর পর্যন্ত তার ওপর নজরদারির আদেশ দিয়েছে আদালত।

টিভি উপস্থাপক ঘেইতি খোদ অনেক সময়ই সমকামিতার বিরুদ্ধে কথা বলে আসলেও টিভি সাক্ষাৎকারে ওই সমকামীর সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকারের সময় সমকামী ব্যক্তিটির পরিচয় গোপন রাখা হয় এবং তার চেহারাও ঝাপসা করে দেখানো হয়। টিভিতে ওই ব্যক্তি একজন যৌন কর্মী হিসাবে তার অভিজ্ঞতা এবং অন্য একজন পুরুষের সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন। এ নিয়ে দুঃখও প্রকাশ করেন তিনি।

 সাক্ষাৎকারটি প্রচারের পরপরই মিশরের ‘সুপ্রিম কাউন্সিল অব মেডিয়া রেগুলেশন’ পেশাগত নিয়ম ভঙ্গের অভিযোগে দু’সপ্তাহের জন্য চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়। পরে মিশরের প্রভাবশালী একজন আইনজীবী সমির সাবরি ওই সাক্ষাৎকারের জন্য ঘেইতির বিরুদ্ধে মামলা ঠুকে দেন।

মিশরে সমকামিতাকে প্রকাশ্যে বেআইনি ঘোষণা করা না হলেও কর্তৃপক্ষ এখন সমকামীদের ওপর চড়াও হচ্ছে। সমকামিতায় জড়িত সন্দেহে সেখানে মানুষ প্রতিনিয়তই গ্রেপ্তার হচ্ছে। এ সম্প্রদায়ের মানুষের ওপর মিশরের দমনাভিযান মানবাধিকার গোষ্ঠীগুলোর নিন্দার মুখেও পড়েছে।