২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টের ভোট পেছালেন মে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে তার ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টে এমপি’দের ভোটের নির্ধারিত সময় হঠাৎই পিছিয়ে দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2018, 11:26 PM

Updated : 11 Oct 2022, 12:49 PM

পার্লামেন্টের ভোটাভুটিতে ব্রেক্সিট চুক্তিটি পাস না হওয়ার আশঙ্কা বেশি থাকার কারণেই ভোট পিছিয়ে দিলেন মে।

এতে করে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পরিকল্পনা আরো অনিশ্চয়তায় পড়ল।

মঙ্গলবারই পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সোমবার তা পিছিয়ে দেওয়ার পদক্ষেপে কয়েকটি পরিণতির পট প্রস্তুত হয়েছে।

কোনো চুক্তি ছাড়াই বিক্ষিপ্ত ব্রেক্সিট হওয়া থেকে শুরু করে যুক্তরাজ্যের ইইউ সদস্যপদ প্রশ্নে আরেকটি গণভোটও এ পরিস্থিতিতে অসম্ভব নয়।

ব্রেক্সিট চুক্তি নিয়ে কমন্সে ভোট কখন হবে সে ব্যাপারে প্রধানমন্ত্রী মে কিছু বলেননি। তবে তিনি বলেন, ২১ জানুয়ারির আগেই ভোট হতে হবে।

মে সোমবার ভোট পিছানোর ঘোষণা দিয়ে পার্লামেন্টে বলেন, “আমরা আগামীকাল (মঙ্গলবার) ভোটাভুটি করলে চুক্তিটি সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রত্যাখ্যাত হতে পারে। আর তাই এ সময়ে হাউজে বিভক্তির পথে পা না বাড়িয়ে ভোট পিছিয়ে দেওয়া হচ্ছে।” তবে মে তার চুক্তিটি যে সঠিক সেকথাও জোর দিয়েই বলেছেন।

ব্রেক্সিট চুক্তিতে উত্তর আয়ারল্যান্ড নিয়ে এমপি’দের উদ্বেগ আছে বলে মে স্বীকার করেছেন। এমপি’দের এ উদ্বেগ আমলে নিলে এখনো চুক্তিটি পাস করাতে সক্ষম হবেন- এমনটিই বিশ্বাস করেন বলে জানিয়েছেন মে।