নেতানিয়াহুকে অভিযুক্ত করার সুপারিশ ইসরায়েলি পুলিশের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে প্রতারণা ও ঘুষগ্রহণের দায়ে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার সুপারিশ করেছে ইসরায়েলি পুলিশ।
তাদের বিরুদ্ধে ‘বেজেক টেলিকম ফার্ম’ কে নজদারি বিষয়ে ছাড় দেওয়ার অভিযোগ উঠেছে, বিনিময়ে টেলিকম ফার্মটি এ দম্পতি সম্পর্কে ইতিবাচক খবর প্রচার করে।
নেতানিয়াহু তার বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেছেন। রোববার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “যথাযথ কর্তৃপক্ষ অভিযোগ নিয়ে পরীক্ষার পর কিছুই পাবে না বলে আমি নিশ্চিত। যেহেতু এমন কোনো ঘটনা ঘটেনি, তাই তারা তদন্তে কিছু পাবেও না।”
এ বছর ফেব্রুয়ারিতেও ইসরায়েল পুলিশ নেতানিয়াহুর বিরুদ্ধে আরও দুইটি দুর্নীতির অভিযোগে মামলার করার সুপারিশ করে। ওই অভিযোগগুলোকেও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিলেন নেতানিয়াহু।
ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানায়, তদন্তকারীরা বেশ কয়েকবার নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছেন।
ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠার পর দেশটিতে আগাম নির্বাচন ঘোষণার প্রয়োজন হতে পারে বলে অনেকেই ধারণা প্রকাশ করেছে।
যদিও নেতানিয়াহুর বিশ্বাস, তিনি ‘নির্দোষ প্রমাণিত হবেন’ এবং কোনো আগাম নির্বাচনের প্রয়োজন হবে না।
২০১৯ সালের নভেম্বরে ইসরায়েলের পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা।
