মেক্সিকোয় মার্কিন কনসুলেটে গ্রেনেড হামলা
মেক্সিকোর গুয়াদালাজারা শহরের মার্কিন কনসুলেটে হামলার ঘটনা ঘটেছে। হামলায় গ্রেনেড ব্যবহার করা হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের।
শনিবার স্থানীয় কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ওই দিন ভোরে হামলাটি চালানো হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের শপথ অনুষ্ঠানের দিনে হামলাটি হয়।
এ হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি এবং মেক্সিকো কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন মেক্সিকোয় নিয়োজিত এক মার্কিন কর্মকর্তা।
ঘটনা তদন্তের দায়িত্ব ফেডারেল কর্তৃপক্ষ নিজেদের হাতে নিয়েছে বলে ঘটনাস্থল জালিসকো রাজ্যের সরকারি কৌঁসুলিরা নিজেদের টুইটার একাউন্টে জানিয়েছেন।
এই রাজ্যটি অপরাধী গোষ্ঠী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের উৎপত্তিস্থল ও প্রধান ঘাঁটি। এই গোষ্ঠীটিকে মেক্সিকোর অন্যতম সবচেয়ে প্রভাবশালী অপরাধী গোষ্ঠী বলে বিবেচনা করে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কর্তৃপক্ষ।
এই অপরাধী গোষ্ঠীটির নেতা নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস বা ‘এল মেঞ্চো’ মার্কিন মাদক প্রতিরোধ প্রশাসনের তালিকায় থাকা শীর্ষ ফেরারিদের অন্যতম।
