২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন সংকট: পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করলেন ট্রাম্প

ইউক্রেইন সংকটের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Nov 2018, 11:44 PM

Updated : 08 Apr 2022, 07:24 PM

আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর জি-২০ সম্মেলনের ফাঁকে এ দুই নেতার বৈঠক হওয়ার কথা ছিল।

সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে যাত্রা শুরুর পর বৃহস্পতিবার এক টুইটে ট্রাম্প বলেন, “রাশিয়া থেকে জাহাজ এবং নাবিকরা এখনো ইউক্রেইনে ফেরেনি। এই বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করাটাই সংশ্লিষ্ট সব পক্ষের জন্য ভাল হবে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি।”

“বিদ্যমান পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ামাত্র আবার একটি অর্থবহ বৈঠক করার অপেক্ষায় রইলাম,” বলেন ট্রাম্প। যদিও এর এক ঘণ্টা আগেই ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, সম্মেলনকালে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন।

তবে গত রোববার ইউক্রেইনের তিনটি জাহাজের দিকে রুশ বাহিনীর গুলিবর্ষণ এবং সেগুলো আটক করার ঘটনার পরপরই ওয়াশিংটন পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করা হতে পারে বলে আভাস দিয়েছিল।

অবৈধভাবে জলসীমায় প্রবেশের অভিযোগ তুলে  রাশিয়া রোববার কৃষ্ণ সাগরে ইউক্রেইনের দুইটি গানবোট এবং একটি টাগবোট জব্দ করে।

এ ঘটনায় কিয়েভ মস্কোর বিরুদ্ধে ‘আগ্রাসনের’ অভিযোগ তুললেও ক্রেমলিন বলছে, আগে থেকে না জানিয়ে তাদের জলসীমায় গানবোট পাঠিয়ে ইউক্রেইন ইচ্ছা করেই ‘যুদ্ধপরিস্থিতির সৃষ্টি’ করেছে।

রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি পরদিন জানায়, তাদের সীমান্ত টহল বোটগুলো ইউক্রেইন নৌবাহিনীর জাহাজ জব্দ এবং সেগুলো থামাতে অস্ত্র ব্যবহার করেছে।

ইউক্রেইনের ২৪ নাগরিককে আটক এবং আহত তিন নাবিকের চিকিৎসারও খবর দেয় তারা। ক্রিমিয়ার একটি আদালত পরে আটক ১২ জনকে ৬০ দিনের কারাদণ্ডাদেশ দেয়।