ভারতে মদ্যপ চিকিৎসকের অস্ত্রোপচারে মা ও শিশুর মৃত্যু
ভারতের গুজরাটে ‘মদ্যপ অবস্থায়’ এক প্রসূতির অস্ত্রোপচার করার অভিযোগে এক চিকিসৎকে গ্রেপতার করা হয়েছে। অস্ত্রোপচারের পরপরই শিশুটি এবং কিছুক্ষণ পর মা মারা যান।
পুলিশ জানায়, পরীক্ষায় ওই চিকিৎসক মদ্যপ ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। সদ্যজাত ওই শিশু ও তার মায়ের মৃত্যুর কারণ চিকিৎসকের অবহেলা নাকি অন্য কিছু তা তদন্ত করে দেখা হচ্ছে।
গ্রেপ্তার ডা. পি জে লাখানি একজন জ্যেষ্ঠ চিকিৎসক এবং তার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। গত ১৫ বছর ধরে তিনি গুজরাটের সোনাভালা সরকারি হাসপাতালে কর্মরত।
প্রসব বেদনা নিয়ে গত সোমবার কামিনি চাচি হাসপাতালে ভর্তি হন। স্থানীয় সংবাদমাধ্যমকে তার আত্মীয়রা বলেন, হাসপাতাল থেকে তাদেরকে শিশুর মৃত্যুর খবর দিয়ে কামিনির রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না বলে জানানো হয়।
“আমরা কামিনিকে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই সে মারা যায়।”
ডা. লাখানিই পুলিশকে খবর দিয়েছেন বলে বিবিসি’কে জানান পুলিশ কর্মকর্তা এইচ আর গোস্বামী।
তিনি বলেন, “রোগীর পরিবার তার উপর হামলা করতে পারে আশঙ্কায় ডা. লাখানিই আমাদের খবর দেন। আমরা হাসপাতালে এসে পরীক্ষার পর তার মদ্যপ থাকার প্রমাণ পাই এবং তাকে গ্রেপ্তার করি।”
এ ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে।
