২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার শীর্ষ সামরিক কর্মকর্তা আটক

গৃহযুদ্ধের সময় হওয়া হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সশস্ত্রবাহিনীর শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল রবিন্দ্র বিজেগুনারত্নেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2018, 08:40 PM

Updated : 08 Apr 2022, 07:24 PM

বিবিসি জানায়, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর বিজেগুনারত্নে বুধবার কলম্বোর একটি আদালতে হাজির হন। আদালত আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করেছে।

আইনজীবীরা জানান, তার বিরুদ্ধে ২০০৮-০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যুদ্ধের শেষ পর্যায়ে নৌবাহিনীর এক গোয়েন্দার হাতে ১১ তরুণ খুন হওয়ার বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। ওই সময়ে তিনি শ্রীলঙ্কা নৌবাহিনীর রিয়্যার অ্যাডমিরাল ছিলেন। যদিও বিজেগুনারত্নে এ অভিযোগ অস্বীকার করেছেন।

নভেম্বরের শুরুতে বিজেগুনারত্নের বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। বুধবার নিজের ইউনিফর্ম পরে আদালতে হাজির হন তিনি। এ সময় নৌবাহিনীর কয়েকজন কর্মকর্তা ও সমর্থকরা তার সঙ্গে ছিল।

বিজেগুনারত্নের আইনজীবী আদালতে তার জামিন আবেদন করেছিলেন, যা বাতিল হয়েছে। এ বিষয়ে খবর সংগ্রহ করতে আদালত প্রাঙ্গনে হাজির হওয়া সাংবাদিকরা ‘বিজেগুনারত্নের সমর্থকদের হামলার শিকার’ হয়েছেন বলে জানা গেছে।

তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের শেষ দিকে হাজার হাজার বেসামরিক তামিলকে হত্যা করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে গণহত্যার বিষয়টি বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আসছিল। কিন্তু এতদিন এ বিষয়ে কোনো উদ্যেগই নেওয়া হয়নি।

শ্রীলঙ্কায় প্রায় ২৬ বছরের গৃহযুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই তামিল।

তামিল টাইগার গেরিলারা স্বাধীনতার দাবিতে যুদ্ধ করেছিল। সেখানে যুদ্ধের শেষ কয়েক মাসে কত বেসামরিক মানুষ নিহত হয়েছে তার প্রকৃত তথ্য এখনও কেউ জানে না।