ককপিটে ‘ঘুমিয়ে পড়লেন’ পাইলট
অস্ট্রেলিয়ার তাসমানিয়া থেকে কিং আইল্যান্ডে রওয়ানা হওয়া একটি ছোট্ট উড়োজাহাজ বিমানবন্দরে না নেমে আরও প্রায় ৫০ কিলোমিটার উড়ে যায়। কারণ, সেটির পাইলট ককপিটে ‘ঘুমিয়ে পড়েছিলেন’।
শেষ পর্যন্ত পাইলটের ঘুম ভাঙ্গায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে ‘ভরটেক্স এয়ার’র উড়োজাহাজ পিএ-৩১।
পাইলটের ঘুম কিভাবে ভাঙলো সে বিষয়ে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুর (এটিএসবি) কিছু জানাতে পারেনি বলে জানায় বিবিসি।
গত ৮ নভেম্বর এ ঘটনা ঘটে। তাসমানিয়ার ডেভনপোর্ট থেকে কিং আইল্যান্ডে রওয়ানা হওয়া উড়োজাহাজটির ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
এভিয়েশন বিশেষজ্ঞ নেইল হান্সফোর্ড বলেন, “খুব সম্ভবত উড়োজাহাজটি অটোপাইলটে ছিল। যে কারণে, জ্বালানি শেষ না হওয়া পর্যন্ত সেটি উড়তো। হয়তো পাইলট আবারও ডেভনপোর্টে ফিরে যাওয়ার জন্য পর্যাপ্ত জ্বালানি নিয়ে নিয়েছিলেন।”
যদিও এত কম দূরত্বে পথে পাইলটের ঘুমিয়ে পড়ার কথা না বলেও মত হান্সফোর্ডের।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার এভিয়েশন আইনে এ বিষয়ে (পাইলটদের বিশ্রামের বিষয়ে) খুব স্পষ্ট করে বলা আছে।
পাঁচ থেকে সাত জন যাত্রী বহন করতে সক্ষম উড়োজাহাজটিতে ঘটনার সময় পাইলট একাই ছিলেন।
এই ঘটনাকে ‘অদক্ষতা’ হিসেবে বিবেচনা করে এটিএসবি তদন্ত শুরু করেছে।
গত বছর মেলবোর্ন থেকে কিং আইল্যান্ডে রওয়ানা হওয়ার কয়েক মিনিটের মাথায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়।
