২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে সহিংস বিক্ষোভের নিন্দায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2018, 10:00 PM

Updated : 08 Apr 2022, 07:23 PM

এক টুইটে ম্যাক্রোঁ বলেন,“যারা পুলিশ কর্মকর্তাদের উপর হামলা করেছে তাদের ধিক্কার। যারা অন্যান্য নাগরিক ও সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের ধিক্কার জানাই। ফ্রান্সে নৃশংসতার কোনো স্থান নেই।”

ওই টুইটে তিনি ‘সাহস ও পেশাদারিত্ব’র জন্য পুলিশ কর্মকর্তাদের প্রশংসাও করেন।

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলছে। শনিবার দ্বিতীয়বারের মতো সাপ্তাহিক ছুটিতে প্যারিসে  কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। তারা শঁজে-এলিজে অ্যাভিনিউতে পুলিশের একটি নিরাপত্তা বেষ্টনি ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়ে বলে জানায়  বিবিসি।

এ দিন প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল।

‘ইয়ালো জ্যাকেট’ নামে পরিচিতি পাওয়া এই প্রতিবাদে ডিজেলের ওপর বাড়তে থাকা করের বিরোধিতা করে মাঠে নেমেছে বিক্ষোভকারীরা। শনিবারের বিক্ষোভকে ‘দ্বিতীয় প্রতিবাদ’ হিসেবে ঘোষণা দেয় সংগঠকরা।

শঁজে-এলিজে অ্যাভিনিউয়ের কাছে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর রয়েছে। বিক্ষোভকারীরা যেন এসব এলাকায় পৌঁছতে না পারে তার জন্য রাস্তায় ধাতুর ব্যারিকেড বসিয়ে অবস্থান নিয়েছিল পুলিশ।

কিছু বিক্ষোভকারী রাস্তার পাথর উঠিয়ে পুলিশের দিকে ছুড়তে শুরু করে, পুলিশকে লক্ষ্য করে পটকাও ছুড়ে মারে। এ সময় প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগ দাবি করে শ্লোগান দেয় তারা।

তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ও জলকামান ব্যবহার করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শনিবার ফ্রান্স জুড়ে প্রায় এক হাজার ৬০০ জায়গায় প্রতিবাদ মিছিলে এক লাখের বেশি মানুষ অংশ নেয়। রাজধানী ছাড়া বেশিরভাগ এলাকায় বিক্ষোভ আয়োজন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

রাজধানীতে প্রায় আট হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে বলে জানানো হয়।