ব্রেক্সিটকে বাঁচান: জনগণকে টেরিজা মের খোলা চিঠি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে এক খোলা চিঠিতে তার ব্রেক্সিট চুক্তিতে সমর্থন দিতে জনগণের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন।
রোববার তিনি এ আহ্বান জানান। যদিও এ চুক্তিতে মে’র নিজের দলের সমর্থন পাওয়াই তার জন্য এখনো দুস্কর।
জাতিকে আহ্বান জানিয়ে লেখা চিঠিতে মে বলেছেন, তিনি ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পাস করানোর আপ্রাণ চেষ্টা চালাবেন। চুক্তির পক্ষে সাফাই দিয়ে তিনি বলেন, “জাতীয় স্বার্থ রক্ষা করেই এ চুক্তি করা হয়েছে। গোটা দেশ এবং জনগণের জন্যই তা কাজে আসবে।”
২০১৯ সালের ২৯ মার্চে যুক্তরাজ্য ইইউ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় ব্রিটিশ নাগরিকদেরকে রাজনৈতিক একতার এক নতুন যুগের সূচনা করার আহ্বানও চিঠিতে জানান মে।
তিনি বলেন, “আমি চাই ওই মুহূর্তটি আমাদের দেশের জন্য নতুন যুগের সূচনা করুক এবং সম্প্রীতির মুহূর্ত হয়ে উঠুক। আমরা যেন বেরিয়ে যাওয়া (লিভ) আর থাকা (রিমেইন) এ দূয়ের বিভক্তিকে চিরতরে দূরে সরিয়ে দিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হয়ে উঠতে পারি।”
“দেশের পার্লামেন্ট আর কয়েক সপ্তাহের মধ্যেই সে কাজটি করার সুযোগ পাবে। ব্রেক্সিট চুক্তি নিয়ে একটি অর্থবহ ভোট হলেই এ স্বপ্ন সফল হবে।”
ইইউ নেতারা রোববার ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) চুক্তি পাকাপাকিভাবে অনুমোদন করেছেন এবং তারাও চুক্তি প্রশ্নে মে’কে সমর্থন দেওয়ার জন্য ব্রিটিশদেরকে আহ্বান জানিয়েছেন।
ইইউ’র সঙ্গে হওয়া এ ব্রেক্সিট চুক্তিটি যুক্তরাজ্যর পার্লামেন্টে পাস হতে হবে। চুক্তির বিরোধিতা করছেন অনেক ব্রিটিশ এমপি। তবে প্রধানমন্ত্রী মে চুক্তিতে পার্লামেন্টের সমর্থন পাবেন- এমনটিই মনে করেন ইইউ’র প্রধান নির্বাহী জ্যঁ ক্লদে জাঙ্কার।
এই চুক্তিটিকে একমাত্র উপায় বলে বর্ণনা করে জাঙ্কার যুক্তরাজ্যের পার্লামেন্টকে চুক্তিতে অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, “এটাই সম্ভাব্য সবচেয়ে ভালো চুক্তি। যারা হাউজ অব কমন্সে এই চুক্তি সমর্থন করবেন আমি তাদের বিষয়টি বিবেচনা করে দেখার আহ্বান জানাচ্ছি। এটা যুক্তরাজ্যের জন্য সবচেয়ে উত্তম চুক্তি, ইউরোপের জন্যও সবচেয়ে ভালো। এটা একমাত্র সম্ভাব্য চুক্তি।’
১৮ মাসের বেশি সময় ধরে আলোচনার পর রোববার ইইউ নেতারা আনুষ্ঠানিকভাবে ৬০০ পাতার পাকা ব্রেক্সিট চুক্তি করেন। এতে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিভিন্ন নির্দেশনা আছে। এছাড়াও আছে দুপক্ষের ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়ে ২৬ পাতার একটি ঘোষণাপত্র।
জনগণের কাছে খোলা চিঠিতে মে লিখেছেন, “যখন আমি আপনাদের প্রধনমন্ত্রী হই তখন যুক্তরাজ্য মাত্রই ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের পক্ষে ভোট দিয়েছিল।”
“তাই একেবারে প্রথম দিন থেকেই আমি আমার দায়িত্ব সম্পর্কে অবগত ছিলাম। আমি জানতাম, আমার সামনে আমার লক্ষ্য অত্যন্ত পরিস্কার। আমাকে আপনাদের হয়ে দায়িত্ব পূরণ করতে হবে। আমাকে গণভোটের ফলাফলের সম্মান রাখতে হবে এবং ইইউ’র সঙ্গে একটি ভাল বেক্সিট চুক্তির মাধ্যমে আমাদের দেশর উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে হবে।”
যুক্তরাজ্যের পার্লামেন্টে ডিসেম্বরের শুরুর দিকেই চুক্তিটি নিয়ে ভোট হবে বলে আশা করা হচ্ছে। যদিও বিরোধীদল লেবারপার্টি ও অন্যান্য দলগুলোসহ অনেক কনজারভেটিভ এমপি’ও চুক্তির বিপক্ষে ভোট দেওয়ার হুমকি দিয়েছেন।
এ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাহী জাঙ্কার বলেন, “যারা ভাবছেন এই চুক্তি বাতিল করে দিলে তারা আরো ভালো চুক্তি করতে পারবেন তাদের হতাশ হতে হবে।”
