জিম্বাবুয়েতে বিমান বিধ্বস্তে নিহত ৫
জিম্বাবুয়েতে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছেন।
শুক্রবার দেশটির মাসভিঙ্গোর কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিমানটির আরোহীদের মধ্যে ফিনল্যান্ডের চার নাগরিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ফিনল্যান্ডের মণ্ড ও কাগজ তৈরির প্রতিষ্ঠান ইউপিএম জানিয়েছে, বিধ্বস্ত বিমানটির যাত্রী তালিকায় ইউপিএম বায়োরিফাইনিং এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হেইককি ভাপপুলার (৫১) নাম পাওয়া গেছে।
লাসসিলা এন্ড টিকানোজার সিইও পেককা ওজানপা-ও (৫২) নিহতদের মধ্যে আছেন বলে জানিয়েছে পরিবেশগত সমর্থন ও সেবাদানকারী প্রতিষ্ঠানটি।
ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে চার জন ফিনল্যান্ডের নাগরিক আছেন বলে তাদের নিশ্চিত করেছে জিম্বাবুয়ের কর্তৃপক্ষ।
ফিনল্যান্ডের গণমাধ্যম জানিয়েছে, নিহত অপর দু্ই ফিনের একজন ৫৩ বছর বয়সী এক প্রযুক্তি বিশেষজ্ঞ ও অপরজন এক আইনি প্রতিষ্ঠানে কাজ করা তার সঙ্গী।
এই চার জন ফিন শিকার করতে জিম্বাবুয়ে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
