নেট দুনিয়ায় ঝড় তুলল তুষার ‘বউ’
শীতের মৌসুমে বরফের দলা দিয়ে বানানো সেই চিরাচরিত তুষার মানব নয়, এবার সবার নজর কেড়েছে এক তুষার মানবী। যাকে একেবারেই নতুন বউয়ের রূপে সাজিয়েছে কানাডার এক ভারতীয় পরিবার।
বরফে ঢাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা এ মানবীর গলায় সোনালি হার, কানে দুল, মাথায় টিকলি, নাকে নথ, আইল্যাশ লাগানো দীঘল কালো চোখ, আর মাথায় লাল ওড়না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্ট হতেই ঝড় তুলেছে ‘সাড্ডি জুলিয়েট’ নামের সুন্দরী এই তুষার বউ।
এনডিটিভি জানায়, কানাডার ব্রাম্পটন শহরের বাসিন্দা জাস্সু কিংড়া প্রথমে ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন। এরপর ইশা নামের এক টুইটার ব্যবহারকারী তা শেয়ার করলে ছবিটি ভাইরাল হয়। টুইটটি ৮৬ হাজারের বেশি লাইক পায় এবং ২১ হাজারেরও বেশিবার রিটুইট হয়।
একেকজন এ তুষার মানবীর একেক নাম দিয়েছেন। কেউ বলেছেন, ‘ফারাহ দ্য স্নো জাট্টি’ আবার কেউ বা বলেছেন, ‘ফ্রস্টি দ্য আন্টি’। এটিকে এ যাবৎকালের সেরা তুষার মানবী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
ব্রাম্পটনের বাসিন্দা ১৯ বছর বয়সী জাস্সু কিংড়ার এক বান্ধবী এ শীতে ভারত থেকে প্রথমবার কানাডায় যান। তিনিই জাস্সুর দুই বোনের সঙ্গে মিলে বানান এ তুষার মানবী। ঐতিহ্যবাহী সাজের ‘দেশী গার্ল’ বানানোর ইচ্ছা থেকেই তারা একঘেঁয়ে তুষার মানব না বনিয়ে তৈরি করেন এ স্বদেশী বরফ বউ।
