চীনা ফার্মে মূত্র, আরশোলা খাইয়ে কর্মীদের শাস্তি!
মূত্র পান করিয়ে, আরশোলা খাইয়ে কর্মীদের শাস্তি দেয় চীনের একটি ফার্ম। কর্মীরা বিক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণ না করতে পারলেই এ পরিস্থিতির শিকার হতে হয় তাদেরকে।
কর্মীদের ওপর এ অত্যাচারের জন্য ফার্মটির ম্যানেজারদের জেল হয়েছে বলে জানানো হয়েছে স্থানীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে।
কয়েকটি ভিডিওতে ফার্মের কর্মীদেরকে বেল্ট দিয়ে মারতে দেখা গেছে। পান করাতে দেখা গেছে হলুদ রঙের একটি তরলও। এ ভিডিও দেখার পরই পুলিশ ফার্মটির বিরুদ্ধে ব্যবস্থা নেয় বলে জানিয়েছে বিবিসি।
‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ পত্রিকা তাদের প্রতিবেদনে বলেছে, ওই ঘটনার জেরে তিন ম্যানেজারকে ৫ থেকে ১০ দিনের জেল দেওয়া হয়েছে।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবো সাইটে কর্মীদের শাস্তি দেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এক পুরুষ কর্মী একটি বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে আছেন। তাকে বেল্ট দিয়ে পেটানো হচ্ছে।
আর গুইঝু শহরের এ হোম রিনোভেশন কোম্পানির আরেক কর্মীকে একটি প্লাস্টিক কাপ থেকে হলুদ রঙের তরল নাক বন্ধ করে খেতে দেখা গেছে।
ম্যানেজাররা কর্মীদেরকে আরশোলা খেতে হবে বলেও হুমকি দিয়েছেন। শাস্তিমূলক অন্যান্য ব্যবস্থার মধ্যে রয়েছে, টয়লেটের পানি কিংবা ভিনেগার পান করানো এবং মাথা ন্যাড়া করে দেওয়া।
কোম্পানিটি গত দুমাস ধরে কর্মীদের বেতনও দেয়নি বলে শোনা গেছে। বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করলে মজুরি আর নাও দেওয়া হতে পারে- এমন আশঙ্কায় কর্মীরা চুপ করে আছে এবং তারা চাকরিও ছেড়ে যেতে পারছে না।
