অটোয়ায় মাঝ আকাশে সংঘর্ষের পর বিমান বিধ্বস্ত
কানাডার রাজধানী অটোয়ার নিকটবর্তী আকাশে ছোট একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষে ছোট আরেকটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
অটোয়ার কাছে একটি মাঠে বিধ্বস্ত সেসনা উড়োজাহাজটির পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা, খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।
পুলিশ জানিয়েছে, অটোয়ার ৩০ কিলোমিটার পশ্চিমে অন্টারিও প্রদেশের কার্প এলাকার আকাশের ওই দুর্ঘটনাস্থলের প্রকৃত পরিস্থিতি অজানাই রয়ে গেছে।
বিধ্বস্ত ওই সেসনা উড়োজাহাজটিতে পাইলট একাই ছিলেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
দ্বিতীয় উড়োজাহাজটি একটি টার্বোপ্রপ পাইপার পিএ-৪২। দুর্ঘটনার পর এটি যাত্রাপথ পরিবর্তন করে অটোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কানাডার পরিবহন মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
পাইপার উড়োজাহাজটির পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারকে জানিয়েছেন, সেসনা উড়োজাহাজটি নিচ থেকে ধাক্কা দিয়ে তার ল্যান্ডিং গিয়ারের ক্ষতি করে দিয়েছে।
পাইপারের পাইলট ও যাত্রীরা সবাই অক্ষত আছেন বলে জানিয়েছে কানাডার জরুরি বিভাগ।
