কলকাতা বিমানবন্দরে বিমানকে জলবাহী ট্যাঙ্কারের ধাক্কা
কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি যাত্রীবাহী উড়োজাহাজকে ধাক্কা দিয়েছে জলবাহী একটি ট্যাঙ্কার।
বৃহস্পতিবার ভোররাতের এ ঘটনায় উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা অক্ষত আছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
এনডিটিভি জানিয়েছে, ১০৩ জন যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর৫৪১ কলকাতা থেকে দোহার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল, ভোররাত প্রায় সোয়া ৩টার সময় একটি ট্যাঙ্কার অপেক্ষারত উড়োজাহাজটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে উড়োজাহাজটির পেটের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেরামতের জন্য এটিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন সংস্থার মহাপরিচালক।
চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্যাঙ্কারটি উড়োজাহাজটিকে ধাক্কা মারে বলে প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে।
গত মাসে তিরুচিরাপল্লি থেকে দুবাই রওনা হওয়ার সময় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিমানবন্দরের সীমানা দেওয়ালে ধাক্কা দিয়েছিল। ঘটনা না জেনেই পাইলট উড়োজাহাজটি চালিয়ে নিয়েছিলেন।
কিন্তু তিন ঘন্টা পর যখন তাকে উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানো হয় তখন মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেন তিনি। উড়োজাহাজটির বেশ ক্ষতি হয়েছিল এবং এর ১৩৬ জন যাত্রী ও ক্রু প্রায় অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন বলে খবর গণমাধ্যমের।
