২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে বছরে ৫ লাখ মৃত্যুর কারণ বায়ু দূষণ

বেশ কিছু আইন করে এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ইউরোপে বায়ুদূষণের মাত্রা অনেকটা কমিয়ে আনা গেলেও এখনো বছরে গড়ে ৫ লাখ মানুষের মৃত্যু হচ্ছে দূষণের কারণে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> ডয়চে ভেলে বাংলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 12:26 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) বায়ু দূষণকে ‘অদৃশ্য ঘাতক' হিসেবে বর্ণনা করেছে।

কোপেনহেগেনভিত্তিক সংস্থাটি জানায়, ইউরোপে প্রতি ঘনমিটার বাতাসে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের ভাসমান বস্তুকণার (পিএম২.৫) বার্ষিক গড় পরিমাণ এখনও নিরাপদ মাত্রার চেয়ে বেশি।

তবে বায়ুদূষণের কারণে মৃত্যুর হার ১৯৯০ সালের তুলনায় কমে  অর্ধেক হয়েছে বলে ইইএ-এর প্রতিবেদনে জানানো হয়েছে।

ইইএ-এর প্রধান হান্স ব্রুইনিনক্স বলেন, “বায়ু দূষণ নীরব ঘাতক। এর কারণগুলো দূর করতে আমাদের দ্বিগুণ কাজ করতে হবে।”

এক্ষেত্রে পরিবহন, জ্বালানি ও কৃষি খাতে কার্বন নিঃসরণ আরও কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইউরোপের ৩৯টি দেশের আড়াই হাজার জায়গার বায়ুর গুণাগুণ পরিমাপ করা হয়েছে এই গবেষণায়।

দেখা গেছে, বায়ু দূষণ সবচেয়ে বেশি হয় পরিবহন খাত থেকে।  বিশেষ করে ডিজেলের নাইট্রোজেন অক্সাইড নির্গমণ এর প্রধান কারণ৷ লন্ডন ও প্যারিসের মত বড় শহরগুলোতে এই দূষণের মাত্রা সবচেয়ে বেশি। জার্মানি ও তুরস্কের অনেক অঞ্চলেও দূষণের মাত্রা বেশি৷

ইইএ-এর গবেষণায় দেখা গেছে, বোতাসে ক্ষতিকর পিএম২.৫ এর উপস্থিতি সবচেয়ে বেশি উত্তর ইটালি, পোল্যান্ড, বলকান অঞ্চল ও তুরস্কের বাতাসে। অন্যদিকে ভূ-মধ্যসাগরীয় অঞ্চলে ওজোন স্তরের দূষণের মাত্রা বেশি৷

ইইএ-এর এই গবেষণা প্রতিবেদন প্রকাশের দিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বায়ু দূষণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ সেখানেও একই রকম ফল দেখা গেছে৷

জাতিসংঘের সংস্থাটি বলছে, ২০১৬ সালে সারা বিশ্বে পাঁচ বছরের কম বয়সী ৫ লাখ ৪৩ হাজার শিশুর মৃত্যুর কারণ বায়ু দূষণ৷ আর দরিদ্র দেশগুলোর শিশুরাই এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে।